রাজপালের জন্য কী লিখলেন সোনু? ছবি: সংগৃহীত।
বেশ কয়েক দিন হল আলোচনায় রয়েছেন অভিনেতা রাজপাল যাদব। এম.এস মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেডের অভিযোগ, ঋণ নিয়ে তাদের টাকা শোধ দেননি অভিনেতা ও তাঁর স্ত্রী। যার ফলে দিল্লি হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন অভিনেতা। এই বিতর্কের মাঝে রাজপালের পাশে দাঁড়ালেন অভিনেতা সোনু সুদ।
কৌতুকাভিনেতার পক্ষ নিয়ে কী বললেন সোনু? অভিনেতা একটি পোস্টে লেখেন, “আমাদের দেশের অন্যতম শক্তিশালী অভিনেতা হলেন রাজপাল। এতগুলো বছর ধরে অনেক ভাল ভাল কাজ আমাদের উপহার দিয়েছেন তিনি। কিন্তু মাঝে মাঝে সময় এমন আসে, সবকিছু ওলট-পালট করে দেয়। আমার ছবিতে রাজপাল অভিনয় করবেন। আমার মনে হয় এটাই সঠিক সময় পরিচালক, প্রযোজক, অভিনেতাদের এক হওয়ার। যখন আমাদের কেউ সমস্যায় পড়েন, আমাদের উচিত এটা বোঝানো যে, তিনি একা নন। তবেই গোটা দুনিয়াকে বোঝাতে পারব যে ইন্ডাস্ট্রি, পেশাদারিত্বের উপরেও কিছু রয়েছে।”
উল্লেখ্য, ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রায় ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। ওই সংস্থার দাবি, প্রাপ্য অর্থ ফেরত দেননি অভিনেতা। ২০১৮ সালে দিল্লির একটি ম্যাজিস্ট্রেট আদালত চেক বাউন্স মামলায় রাজপাল এবং তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করে। সম্প্রতি, অভিনেতা টাকা পরিশোধ করার সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিলেন, যা স্পষ্ট অস্বীকার করে হাই কোর্ট। অভিনেতার আইনজীবী আদালতে জানিয়েছিলেন, তাঁর মক্কেল ৫০ লক্ষ টাকা জোগাড় করেছেন। বাকি টাকা শোধ করার জন্য আরও এক সপ্তাহ সময় চান। কিন্তু, ২ ফেব্রুয়ারি বিকেল ৪টের মধ্যে অভিনেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল আদালত। এর পরে সময়সীমা বাড়ানো হয়নি। আত্মসমর্পণের পরে নতুন করে তাঁকে টাকা পরিশোধের কোনও সুযোগ দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও অনেক বার সুযোগ দেওয়া হয়েছিল তাঁকে। তবে বার বার সেই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন রাজপাল।