স্মৃতি-পলাশকে একসঙ্গে দেখতে চান ডেজ়ী! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
গত বছর নভেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের। সেই বিয়ে ভেঙে যায়। পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও ওঠে। কিন্তু তাঁদের ফের একসঙ্গে প্রেমিকযুগল হিসাবে দেখতে চান অভিনেত্রী ডেজ়ী শাহ।
পলাশ মুচ্ছল পরিচালিত ছবিতে খুব শীঘ্রই দেখা যাবে ডেজ়ীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পলাশের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। সেই সময়েই তাঁকে স্মৃতি ও পলাশের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রী জানান, তিনি কোনও পক্ষ নিতে চান না।
পলাশের সঙ্গে কাজের প্রসঙ্গে ‘জয় হো’ খ্যাত অভিনেত্রী ডেজ়ী বলেন, “আমি দু’তিন জনের থেকে ফোন পেয়েছিলাম। তাঁরা বললেন, পলাশ আমার সঙ্গে একটি ছবি তৈরি করতে চান। আমি অবাক হয়েছিলাম। কারণ আমি ব্যক্তিগত ভাবেও পলাশকে খুব ভাল ভাবে চিনি। ওর বোন পলক আমার খুবই ভাল বন্ধু। তাই মনে হয়েছিল, পলাশ কাজ করতে চাইলে, আমাকে সরাসরিই বলবে। তা না হলে পলকের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। কিন্তু অন্য লোকজনের মাধ্যমে কেন খবর দিচ্ছে?
ডেজ়ী জানান, সেই সময়ে বিয়ের বিতর্ক নিয়ে জেরবার ছিলেন পলাশ। তাই সরাসরি তাঁকে যোগাযোগ করতে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন। ডেজ়ী নিজেই ছবির কথা জানতে চেয়ে পলাশকে মেসেজ পাঠিয়েছিলেন। তখন পলাশ বলেছিলেন, “হ্যাঁ, খবরটা সত্যিই। কিন্তু সম্প্রতি যা ঘটেছে, আমি ব্যক্তিগত ভাবে কাউকে ফোন করছি না। কারণ এর থেকে বিষয়টি অন্য দিকে ঘুরে যেতে পারে।”
স্মৃতি ও পলাশের বিয়ে নিয়ে ডেজ়ী বলেছেন, “আমি ব্যক্তিগত ও কাজের জীবন আলাদা রাখতে পছন্দ করি। আর ওদের মধ্যে আসলে কী ঘটেছিল, আমি জানি না। কয়েনের দুটো পিঠ থাকে। আমরা সত্যিই কেউ জানি না, আসলে কী হয়েছিল। দুটো পরিবারের মধ্যেকার বিষয়। আমরা যা খবরে দেখছি, সেটা দেখেই কেবল সবটা জল্পনা করছি। তবে এর মানে এই নয়, আমি মেয়েটির দিকের ঘটনাকে খাটো করছি। আমি কোনও পক্ষ নিতে চাই না। পলাশের সঙ্গে কাজের সম্পর্ক। তাই আমি এগুলো নিয়ে কথা বলারই বা কে?”
এখানেই শেষ নয়। পলাশ ও স্মৃতিকে ফের একসঙ্গে দেখতে চান ডেজ়ী। তিনি বলেছেন, “আমি আশা করছি, সব ঠিক হয়ে যাবে। ওঁরা আবার একসঙ্গে হবেন। ওঁদের জুটিটাই আসলে সুন্দর।”