শাহরুখের ছবির উপর ‘ধুরন্ধর ২’-এর প্রভাব! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
হিংস্র রূপে আবির্ভাব হবে ‘ধুরন্ধর ২’-এর। প্রতিশোধ নেবে হামজ়া। ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ছবি। মুক্তির আগেই নজির গড়ার মতো ব্যবসা করে ফেলেছে এই ছবি। এমনকি, মুম্বইয়ের প্রেক্ষাগৃহ ‘মরাঠা মন্দির’-এ চলতে থাকা ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র উপরেও প্রভাব ফেলেছে এই ছবি।
‘ধুরন্ধর’ ছবিটি দৈর্ঘ্যে প্রায় তিন ঘণ্টার উপরে ছিল। ‘ধুরন্ধর ২’ দৈর্ঘ্যে চার ঘণ্টা চল্লিশ মিনিট। তাই প্রতিটি স্ক্রিনে চারটির বেশি শো রাখা যাচ্ছিল না। শো বৃদ্ধি করার জন্য এ বার মধ্যরাতেও ছবিটি দেখানো হবে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এমন সচরাচর হয়নি। ‘ধুরন্ধর ২’-এর শো বৃদ্ধি করায় এ বার তার প্রভাব গিয়ে পড়েছে শাহরুখ খান ও কাজলের ছবির উপর।
গত ৩০ বছর ধরে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবিটি চলছে মরাঠা মন্দির-এ। প্রতিদিন বেলা সাড়ে এগারোটার সময়ে এই ছবি দেখানো হয়। কিন্তু ‘ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার পরে এই ছবির সময় বদলে গেল। সকালের দিকে কোনও সময়ে এই ছবি দেখানো হবে বলে জানা যাচ্ছে। টানা ৩০ বছরের ধারা বদলে দিয়েছে আদিত্য ধর পরিচালিত এই ছবি।
ইতিমধ্যেই ‘ধুরন্ধর ২’-এর ১৫ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, চলতি বছরে বক্সঅফিসে ব্যবসার নিরিখে সেরার জায়গা করে নেবে রণবীর সিংহের ছবি।
উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ছবির গল্পটা ছিল রহমান বালোচকে কেন্দ্র করে। রহমানের মৃত্যু ঘটেছে। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটির চিত্রনাট্য মূলত আবর্তিত হতে চলেছে রণবীর সিংহ অভিনীত হামজ়াকে ঘিরে। ছবিনির্মাতাদের দাবি, ‘ধুরন্ধর’-এর চেয়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটি আরও বেশি হিংসাত্মক হতে চলেছে। ফলে রক্তারক্তি, হানাহানির পরিমাণ যে বাড়বে তা বলাই বাহুল্য।