দোলের কোন আক্ষেপ রয়ে গিয়েছে দীপিকার। ছবি: সংগৃহীত।
২০১৮ সালে ইতালিতে গিয়ে বিয়ে করেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। দাম্পত্যজীবনের প্রায় আট বছর পার করে ফেললেন তাঁরা। বর্তমানে কাজের পাশাপাশি মেয়ে দুয়াকে ঘিরেই জীবন কাটছে দুই তারকার। তবে বিয়ের এত বছর পরও একটা আক্ষেপ যেন রয়েই গিয়েছে অভিনেত্রীর। রণবীরের সঙ্গে প্রথম বছরের দোলটা উদ্যাপন করতে পারেননি দীপিকা। কেন?
বিয়ের পরে প্রথম বছরের রঙের উৎসব যে কোনও দম্পতির কাছেই বিশেষ। যদিও সেই সুযোগ আসেনি দীপিকার। কারণ, দোলের দিনই মুম্বই ছেড়ে দিল্লি চলে যেতে হয় তাঁকে। অভিনেত্রীর সে বছর ‘ছপাক’ ছবির শুটিং করছিলেন। ওই দিনই শুটিং শুরু হয়েছিল তাঁর, তাই বিয়ের পরের প্রথম দোল একসঙ্গে উদ্যাপন করা হয়নি তাঁদের। মেঘনা গুলজ়ার পরিচালিত এই ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শুটিং দু’বছর আগেই সেরে রাখলেও ছবিটি মুক্তি পায় ২০২০ সালে।
রণবীরের সঙ্গে রঙের উৎসবে থাকতে না পারার আক্ষেপ থাকলেও অভিনেত্রী সেই সময়ে বলেছিলেন, ‘‘আসলে দোলের দিনই বেরিয়ে যেতে হয় আমাকে। কারণ এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য। এই গল্পটা বলার প্রয়োজন ছিল। আমি আগেই চলে গিয়েছিলাম দিল্লিতে, কারণ একটা প্রস্তুতির প্রয়োজন ছিল।’’ তবে এখন অবশ্য কাজের চাপ অনেকটা কম তাঁর। অভিনেত্রী মেয়েকে অনেকটা সময় দিতে চান। সেই কারণেই কাজের পরিমাণও কমিয়েছেন।