দিলজিৎ শরীরে রোগ নিয়ে ঘুরছেন কেন? ছবি: সংগৃহীত।
দিলজিৎ দোসাঞ্জ নামী গায়ক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা। তিনি নায়কও বটে। নাম, যশ, খ্যাতি কিংবা অর্থ কোনও কিছুই কম নেই তাঁর। কিন্তু, দিলজিৎকে নাকি ব্যাগে করে ওষুধের বাক্স নিয়ে ঘুরতে হয়। কারণ, ২০১৫ সাল থেকে শরীরে রোগ নিয়ে ঘুরছেন তিনি। কষ্টও হয়। কিন্তু, এখন এই রোগের সঙ্গে নাকি মানিয়ে নিয়েছেন দিলজিৎ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, গায়কের গলব্লাডার অর্থাৎ পিত্তথলিতে নাকি রয়েছে ১১ সেন্টিমিটারের একটি পাথর। সাধারণত গলব্লাডারে সমস্যা হলে সেটা বেশ যন্ত্রণাদায়ক হয়। যদিও গায়ক জানান, তিনি এখন এই সমস্যার সঙ্গে মানিয়ে নিয়েছেন। দিলজিতের কথায়, ‘‘আমাকে সকলেই বলেছিলেন অস্ত্রোপচার করিয়ে নিতে। কিন্তু পিত্তথলিতে কোনও সমস্যা হচ্ছে না। শুধু শুধু কেন অস্ত্রোপচার করাব?’’
দিলজিৎ আরও যোগ করেন, “আমার বিশ্বাস, ওই জিনিসটা চলে গিয়েছে। কিন্তু, তার পরও নিজের সুবিধার্থে ওষুধটা সঙ্গে নিয়ে ঘুরি। যদিও ব্যবহার করতে হয় না। আমি আমার পরিবারকে বলিনি, বন্ধুদের বলিনি, কাউকেই বলিনি — এটা গোপনই ছিল যা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।”
পুরনো এক সাক্ষাৎকারে দিলজিৎ জানিয়েছিলেন, তাঁর শৈশব বেশ দারিদ্রেই কেটেছে। ছোটবেলা থেকে অভাব দেখেই বড় হয়েছেন তিনি। তাই একটা সময়ে নেশার মতো অর্থ উপার্জন শুরু করেন। যদিও এখন তাঁর মনে হয় যে, পৃথিবীতে অশান্তির মূল হল টাকা। সম্প্রতি তিনি বলেছেন, “শেষপর্যন্ত টাকা তো এখানেই থেকে যাবে। কেউই টাকা নিয়ে পরলোকে যেতে পারবে না। এখন অনেকে বলবেন, টাকা থাকলেই এ সব কথা বলা সহজ। আমি সেটা বুঝতে পারছি। কিন্তু এটাও সত্যি, পৃথিবীর বেশির ভাগ অশান্তির মূলে টাকাই রয়েছে। টাকা ক্ষমতা এনে দেয়। সব কিছুই আসলে অর্থকে ঘিরে।”