রবিশঙ্করের ‘উপস্থিতি’ যখন হলিউডি ছবিতে। ছবি: সংগৃহীত।
ফারহান আখতারের ‘দিল’ এটাই চেয়েছিল? জানা নেই। তবে অনেক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, হলিউডে পা রাখতে চলেছেন ‘দিল চাহতা হ্যায়’ ছবির প্রযোজক-পরিচালক। অবশেষে সেই জল্পনা সত্যি হচ্ছে।
প্রয়াত সেতারবাদক রবিশঙ্করের চরিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখছেন ফারহান। শুক্রবার নির্মাতারা ঘোষণা করেছেন, পরিচালক স্যাম মেন্ডেসের আগামী জীবনীছবি ‘দ্য বিট্ল্স’-এ প্রয়াত সেতারবাদকের ভূমিকায় অভিনয় করবেন বলিউড অভিনেতা। ছবিতে চারটি আলাদা গল্প থাকবে। ‘দ্য বিট্ল্স’-এর চার সদস্যের দৃষ্টিভঙ্গি থেকে তৈরি চারটি গল্প। এই জনপ্রিয় রকব্যান্ডের অন্যতম সদস্য জর্জ হ্যারিসনের জীবনে প্রভাব পড়েছিল রবিশঙ্করের। সব ঠিক থাকলে ২০২৮-এর এপ্রিলে ছবিটি মুক্তি পেতে পারে।
পর্দার ‘রবিশঙ্কর’ ফারহান আখতার। ছবি: ফেসবুক।
হ্যারিসন প্রসঙ্গে রবিশঙ্কর একাধিক সাক্ষাৎকারে বলেছেন, “আমরা খুব ভাল বন্ধু। আবার, হ্যারিসন আমার সন্তানসমও।” বাঙালি পরিবারে জন্মগ্রহণ করা এই শিল্পীর প্রতিভা বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছিল। রবিশঙ্কর আন্তর্জাতিক মঞ্চে তাঁর সেতারের সুর ছড়িয়ে দিয়েছিলেন। অনেক রক-সঙ্গীতের অনুষ্ঠানেই তাঁর সেতার সঙ্গত করেছে। তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্যান্ডের গানেও ভারতীয় বাদ্যযন্ত্রে সঙ্গত করেছিলেন হ্যারিসন।
‘দ্য বিট্ল্স’-এ ভারতীয় অভিনেতা হিসাবে আপাতত শুধুই ফারহানের নাম শোনা গিয়েছে। তাঁর সহ-অভিনেতা এক ঝাঁক হলিউডি তারকা। যেমন, পল ম্যাককার্টনির চরিত্রে পল মেসকাল, জন লেননের চরিত্রে হ্যারিস ডিকিনসন, জর্জ হ্যারিসনের চরিত্রে জোসেফ কুইন এবং রিঙ্গো স্টারের চরিত্রে ব্যারি কেওগানকে দর্শক দেখতে পাবেন।