লরেন্স বিশ্নোইয়ের নজরে রণবীর সিংহও? ছবি: সংগৃহীত।
বলিউড কি ক্রমশ ঢাকা পড়ছে লরেন্স বিশ্নোইয়ের কালো ছায়ায়? যদিও তাঁর দলের কোনও সদস্য দায় স্বীকার করেননি এখনও পর্যন্ত। এদিকে খবর, পুলিশের সন্দেহের তির তাঁরই দলের সদস্য হ্যারি বক্সারের দিকে। কোটি টাকা চেয়ে রণবীর সিংহকে পাঠানো হুমকিবার্তার মূল সন্দেহভাজন হিসেবে আপাতত হ্যারিকেই চিহ্নিত করেছে মুম্বই অপরাধদমন শাখা।
খবরে প্রকাশ, তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, রণবীরের সহকারীর কাছে ১ কোটি টাকা দাবি করে একটি হোয়াট্সঅ্যাপ কণ্ঠবার্তা পাঠানো হয়। প্রাথমিক বিশ্লেষণের পর মুম্বই অপরাধদমন শাখা কণ্ঠবার্তার সঙ্গে হ্যারি বক্সারের কণ্ঠস্বরের মিল খুঁজে পেয়েছে। যদিও তদন্তকারী অফিসারদের মতে, তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আরও প্রযুক্তিগত এবং ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
পাশাপাশি, পুলিশ ইতিমধ্যেই রণবীরের আপ্তসহায়কের বক্তব্য রেকর্ড করেছে। দ্রুত সিদ্ধান্তে আসতে জোরদার তদন্ত চলছে বলেও জানিয়েছে প্রশাসন। সূত্রের আরও খবর, বার্তাটি একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) মাধ্যমে পাঠানো হয়েছিল। তদন্তে উঠে এসেছে, ডিজিটাল ট্রেলটি বিদেশি অবস্থান নির্দেশ করে। এই নেটওয়ার্কের উৎস খুঁজে বার করতে এবং হুমকিটি যে দেশ থেকে পাঠানো হয়েছিল তা শনাক্ত করতে, ক্রাইম ব্রাঞ্চ ইন্টারপোলের সহায়তা চেয়েছে।
এ দিকে একের পর এক হুমকিবার্তা এবং গুলিকাণ্ডে জেরবার বলিউড আতঙ্কের প্রহর গুনছে। পরিচালক রোহিত শেট্টীর বাড়ির সামনে গুলি চালানোর দিনকয়েক পরেই কোটি টাকা চেয়ে হুমকিবার্তা পান রণবীর। কড়া নিরাপত্তাবেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে তাঁর বাসভবন। বাড়ানো হয়েছে তাঁর ব্যক্তিগত নিরাপত্তাও। এই ধাক্কা সামলানোর আগেই ফের মোটা অঙ্কের টাকা চেয়ে হুমকিবার্তা পাঠানো হয় সলমন খানের ভগ্নিপতি আয়ুষ শর্মাকে। পুলিশ ইতিমধ্যেই তাঁর আপ্তসহায়কের জবানবন্দি নিয়েছে। যদিও এখনও পর্যন্ত দু’টি ঘটনার একটিতেও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে মুম্বই পুলিশ।