Friday Release

রাজ্যে পালাবদলের আবহে মুক্তি মিঠুন-পুত্রের ছবির, গুপ্তধনের সন্ধানে সুন্দরবনে আবীর! আর কী আছে এ সপ্তাহে

তৃণমূল সরকার থাকাকালীন নমোশি অভিনীত ছবি ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’-এর মুক্তিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ছিল মিঠুন-পুত্রের। এ বার অবশ্য নমোশি তাঁর ছবি নিয়ে আত্মবিশ্বাসী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১১:১০
Share:

চলতি সপ্তাহে কোন কোন ছবি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। ছবি: সংগৃহীত।

চলতি সপ্তাহে বেশ কয়েকটি ছবি মুক্তি পাচ্ছে, যার মধ্যে রয়েছে টালিগঞ্জের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ির ছবি ‘সপ্তডিঙার গুপ্তধন’। এ দিকে, রাজনৈতিক পালাবদলের আবহে মুক্তি পেতে চলেছে মিঠুন-পুত্র নমোশির ছবি ‘আখরি সওয়াল’। এর আগে তৃণমূল সরকার থাকাকালীন নমোশি অভিনীত ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ ছবিটি মুক্তি পেতে সমস্যা হয়েছিল বলে অভিযোগ ছিল মিঠুন-পুত্রের। এ বার অবশ্য নমোশি আত্মবিশ্বাসী। এ দিকে, পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে শেষমেশ কী অবস্থা হয় আয়ুষ্মান খুরানার, সেই গল্পও দেখা যাবে এ সপ্তাহে।

Advertisement

১) সপ্তডিঙার গুপ্তধন

‘গুপ্তধনের সন্ধানে’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর পর আসছে গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘সপ্তডিঙার গুপ্তধন’। রহস্য রোমাঞ্চে ভরা গল্পের এই ফ্র্যাঞ্চাইজ়ি প্রথম পর্ব থেকেই মন কাড়বে দর্শকদের। আবীর চট্টোপাধ্যায়কে ‘ব্যোমকেশ’-এর মতো গোয়েন্দার চরিত্রেই বেশির ভাগ দেখা গিয়েছে। এ বার সেই আবরণ ছেড়ে ‘সোনাদা’র মতো নতুন যুগের গোয়েন্দার চরিত্রকে আবীরকে ভালবেসেছে দর্শক। রহস্য, হাস্যরস, সাসপেন্সের মিশেলে বোনা এই ছবির গল্পে এ বারের অভিযানের পটভূমি সুন্দরবন। সেখানেই শুটিং করতে গিয়ে পা ভেঙে যায় পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের। যদিও ছবির কলাকুশলীরা মজা করেই বলেছিলেন, পরিচালকের পা যখন ভেঙেছে তখন ছবি হিট না হয়ে যায় না! নির্মাতাদের দাবি, আগের গল্পগুলির তুলনায় এ বারের ক্যানভাস নাকি আরও বড়। এই ফ্র্যাঞ্চাইজ়ির বাকি ছবিগুলির মতো ‘সপ্তডিঙার গুপ্তধন’-এও অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা।

Advertisement

সপ্তডিঙার গুপ্তধন

২) আখিরী সওয়াল

মুক্তির এক দিন আগে বৃহস্পতিবার শহরের বিলাসবহুল হোটেলে ‘আখিরী সওয়াল’ ছবির টিমের জন্য কলকাতায় আয়োজন করা হয় বিশেষ একটি অনুষ্ঠান। সঞ্জয় দত্ত ছাড়া সেই অনুষ্ঠানে ছিলেন মিঠুন চক্রবর্তী, অভিজিৎ মোহন ওয়ারাং, সমীরা রেড্ডি, ত্রিধা চৌধুরী এবং নমোশি চক্রবর্তী। ছবিটির মুক্তি নিয়ে বাধাবিপত্তি ছিল একসময়। সম্প্রতি ছবিটি ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’-এর (সিবিএফসি) পর্যবেক্ষণের মুখে পড়ে, যার ফলে মুক্তির ক্ষেত্রে কিছুটা দেরি হয়। বোর্ডের পর্যালোচনা চলার কারণে ট্রেলার প্রকাশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয় একসময়। এ বার সব জট কাটিয়ে ছবিটি সেন্সর বোর্ডের অনুমোদন এবং ছাড়পত্র পেয়েছে। ছবির যে টিজ়ার প্রকাশ্যে এসেছে তাতেই মনে করা হচ্ছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সঙ্গে যুক্ত কিছু ইতিহাস তুলে ধরা হতে পারে এই ছবিতে।

আখিরী সওয়াল।

৩) পতি পত্নী অউর ওহ দো

বলিপাড়ার পর্দায় পরকীয়ায় জড়ানোর গল্প নতুন নয়। এ বার সেই তালিকায় নাম লেখালেন আয়ুষ্মান খুরানা। পরকীয়ায় জড়িয়ে নাস্তানাবুদ বিবাহিত আয়ুষ্মান, ছবির প্রচার-ঝলকেই তা স্পষ্ট। সিনেমার নামেই আভাস রয়েছে। সুখী দাম্পত্যের মাঝে কী ভাবে দুই লাস্যময়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা, সেই প্লট ধরেই এগিয়েছে ছবি। এই ছবিতে এক নায়কের তিন নায়িকা। আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন সারা আলি খান, ওয়ামিকা গব্বী, রকুল প্রীত সিংহ। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘পতি পত্নী অউর ওহ’। রোম্যান্স ও কৌতুকের মিশেলে ওই ছবিও দর্শকমহলের প্রশংসা কুড়িয়েছিল। এ বার তারই বহু প্রতীক্ষিত সিক্যুয়েল মুক্তি পেতে চলেছে।

পতি পত্নী অউর ওহ দো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement