Shyamoupti Mudly

ধারাবাহিক শেষ হয়েছে দু’মাস, এখন কী ভাবে সময় কাটাচ্ছেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি?

অভিনেত্রী শ্যামৌপ্তিকে দর্শক দেখছিলেন ‘অমরসঙ্গী’ ধারাবাহিকে। অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধেছিলেন নায়িকা। মাত্র ন’মাসের মাথায় শেষ হয় সেই কাহিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৭:১৪
Share:

অবসরে কী করছেন শ্যামৌপ্তি? ছবি: সংগৃহীত।

গত এপ্রিলে শেষ হয়েছে তাঁর ধারাবাহিক। অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিকে দর্শক দেখেছিলেন ‘অমরসঙ্গী’ ধারাবাহিকে। এপ্রিলে শেষ পর্ব সম্প্রচারিত হয় এই ধারাবাহিকের। মাঝে প্রায় দু’মাস কেটে গিয়েছে। অভিনেত্রী শ্যামৌপ্তিকে পর্দায় দেখেননি দর্শক। অভিনেত্রীর ঝুলিতে বেশ কিছু হিট ধারাবাহিক। সম্প্রতি তিনি একটি ব্যবসাও শুরু করেছেন। কিন্তু প্রতি দিনের শুটিং থেকে এখন কিছু দিনের বিরতি। এখন কী ভাবে সময় কাটছে তাঁর? কবে আবার পর্দায় দেখা যাবে তাঁকে?

Advertisement

আনন্দবাজার ডট কমকে শ্যামৌপ্তি বললেন, “হিসাব কষে দেখলে কিন্তু, এখনও খুব বেশি দিন হয়নি। মাত্র দু’মাস হয়েছে। ১৪ ঘণ্টা টানা শুটিং আর মাসে একটা ছুটি। তাই একটা কাজ শেষ হওয়ার পরে কিছু দিনের বিশ্রামের প্রয়োজন হয়।” আপাতত নিজেকে ভাল করে তৈরি করতে চান। কাজ শুরু হয়ে গেলে পরিবার, বন্ধুদের একেবারেই সময় দেওয়া হয়ে ওঠে না। এই সময় সবাইকে সময় দিতে চান অভিনেত্রী। শ্যামৌপ্তি বলেন, “নিজের শরীরচর্চার দিকে গুরুত্ব দিয়েছি। রোজ সকালে জিমে যাই। নানা ধরনের বই পড়ছি।” যদিও ধারাবাহিক শেষ হওয়ার আগে থেকেই নতুন কাজের অনেক সুযোগ এসেছে। কিন্তু নায়িকা জানালেন, এখন তিনি যে ধরনের চরিত্র খুঁজছেন সে রকম মনের মতো কিছু পাচ্ছেন না। শ্যামৌপ্তি যোগ করেন, “যতক্ষণ না মনের মতো কাজের সুযোগ আসছে, তত ক্ষণ করার ইচ্ছা নেই।” পাশাপাশি, ব্যবসার দিকেও মন দিয়েছেন অভিনেত্রী।

ন’মাসের মাথায় শেষ হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক। তখন তিনি বলেছিলেন, “ইদানীং অনেক ধারাবাহিকের আয়ু মাত্র দু’মাস। আমাদের ধারাবাহিক তবু তো ন’মাস চলেছে। আমি এতেই খুশি।” নিজেকে নিয়ে, নিজের কাজ নিয়ে বেশি আশা করেন না বলেই অপ্রাপ্তি তাঁকে ঘিরে ধরে না, দাবি তাঁর। কিন্তু আগের ধারাবাহিক ‘গুড্ডি’ তাঁকে যে জনপ্রিয়তা দিয়েছিল, এই ধারাবাহিক কি সেটা দিতে পারল? এ ক্ষেত্রেও ইতিবাচক শ্যামৌপ্তি। অল্প হেসে উত্তর দিয়েছেন, “আগের ধারাবাহিকের অভিজ্ঞতা সদ্য শেষ হওয়া ধারাবাহিকে কাজে লাগানোর চেষ্টা করেছি। এই ধারাবাহিকে কাজের অভিজ্ঞতা আগামী কাজে ছড়িয়ে দেব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement