Updates Of Kamala Nibas

মৃত্যুদৃশ্যের শুট কেড়েছে রাহুলকে! ‘কমলা নিবাস’-এ পরমব্রতের জন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হল?

পরমব্রত-দেবাদৃতার রসায়ন দর্শকের খুবই পছন্দ। অনুরাগীদের চাহিদা মেনে অভিনেতাকে কি ফেরাবেন ‘কমলা নিবাস’-এর পরিচালক?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৪:৫৮
Share:

‘কমলা নিবাস’ ধারাবাহিকে দেবাদৃতা বসু, পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

মধুচন্দ্রিমায় গিয়ে সমুদ্রে তলিয়ে যাবেন নায়ক ‘উজান’ ওরফে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তেমনই নাকি ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র চিত্রনাট্যে লেখা ছিল। সেই দৃশ্যের শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে চিরতরে হারিয়ে গেলেন অভিনেতা। তার এক মাস পরে অন্য একটি ধারাবাহিকে ফের নায়কের মৃত্যুদৃশ্য।

Advertisement

এ বার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর নায়ক ‘সাগর’-এর। এই ভূমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ বরের সাজে নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

সদ্য সেই দৃশ্যের একটি প্রচার-ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, একরত্তি মেয়ে মিঠি আর মাকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে বিয়ে করতে যাচ্ছে সাগর। হঠাৎই উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে সাগরের গাড়ির সঙ্গে জোর ধাক্কা লাগে অন্য একটি গাড়ির। ঘাতক গাড়িটি পিষে দেয় তাদের। মিঠি বেঁচে গেলেও ঘটনাস্থলে মৃত্যু হয় সাগর আর তার মায়ের।

Advertisement

রাহুলের অস্বাভাবিক মৃত্যুর রেশ এখনও কাটেনি। দর্শক এবং বাংলা বিনোদনদুনিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষের মনে টাটকা সেই স্মৃতি। অভিনেতা, কলাকুশলীদের নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যেই অভিনেতা এবং প্রযোজকেরা একজোট হয়ে নতুন আদর্শ পরিচালন পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) চালু করতে চলেছেন।

এ রকম পরিস্থিতিতে ধারাবাহিকের দুর্ঘটনার দৃশ্য শুটিংয়ের আগে পরমব্রতের জন্য কি বাড়তি নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত ছিল? সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের সঙ্গে। পরিচালকের ঝুলিতে অজস্র জনপ্রিয় ধারাবাহিক। যেমন, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘মিঠাই’, ‘ফুলকি’, ‘পিলু’, ‘আঁচল’ ইত্যাদি।

প্রশ্নের জবাবে রাজেন্দ্রপ্রসাদ বললেন, “দুর্ঘটনার দৃশ্যে আমরা কোনও অভিনেতাকেই রাখিনি। পরমব্রত বা তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যিনি কিংবা শিশুশিল্পী— কেউই ছিলেন না। পুরোটাই হয়েছে ক্যামেরার কারসাজিতে। অ্যাকশন মাস্টারের দেখিয়ে দেওয়া পদ্ধতি অনুসরণ করে। দুর্ঘটনার আগে আর পরের দৃশ্যগুলোতে অভিনেতারা অভিনয় করেছেন।” তাই পরমব্রত-সহ অভিনেতাদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন পড়েনি।

ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ বিয়ের দৃশ্যের আগে সোহিনী সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, দেবাদৃতা বসু। ছবি: ফেসবুক।

ইতিমধ্যেই পরমব্রত এবং ধারাবাহিকে তাঁর নায়িকা দেবাদৃতা বসুর পর্দার রসায়ন পছন্দ দর্শকের। গল্প আরও দানা বাঁধার আগেই নায়কের মৃত্যুতে তাই একটু হলেও হতাশ দর্শক! “তাঁদের হা-হুতাশ কানে এসেছে। এর থেকেই প্রমাণিত, ধারাবাহিকের গল্প ঠিক পথেই এগোচ্ছে। এটাই আমরা চেয়েছিলাম। ‘সাগর’ চরিত্রটির মৃত্যু দর্শকমনে দাগ কাটবে, এটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা সফল, সেটা জেনে ভাল লাগছে”, বললেন রাজেন্দ্রপ্রসাদ।

অনেক সময় দর্শকের চাহিদায় অনেক ‘মৃত’ চরিত্রকেও ধারাবাহিকে ফিরিয়ে আনতে হয়। ‘কমলা নিবাস’-এ কি তেমন কিছু হবে? রাজেন্দ্রপ্রসাদ জানালেন, “আপাতত সে রকম কোনও ভাবনা নেই। চিত্রনাট্য অনুযায়ী, সাগর চলে যাবে। বদলে একমাত্র সন্তান মিঠির দায়িত্ব তুলে দিয়ে যাবে তার হবু স্ত্রী পল্লবীর উপরে। যে মা না হয়েও মিঠির মনের সবটা জুড়ে রয়েছে।” পল্লবী কি পারবে একা হাতে একরত্তি শিশুকে বড় করে তুলতে? আপাতত এই নিয়েই এগোবে ধারাবাহিকের গল্প, জানিয়েছেন পরিচালক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement