তরুণ ইরফান ও বিদ্যার ছবি প্রকাশ্যে! ছবি: সংগৃহীত।
অবশেষে মুক্তি পেল ইরফান খান ও বিদ্যা বালনের ছবি ‘দ্য লাস্ট টেন্যান্ট’। প্রতি বছর ২৯ এপ্রিল দিনটা অন্ধকারের মতো ইরফান অনুরাগীদের জন্য। এ বছর তাঁরা দেখতে পাচ্ছেন তরুণ বয়সের ইরফানকে। সার্থক দাশগুপ্ত পরিচালিত ছবিতে অভিনয় করেছিলেন ইরফান।
এই ছবিতে রয়েছেন বিদ্যা বালন। ইরফান ও বিদ্যা তাঁদের কেরিয়ারের শুরুর দিকে অভিনয় করেছিলেন এই ছবিতে। প্রায় ২৫ বছর আগে এই ছবির শুটিং হয়েছিল। প্রযোজনা করেছিলেন নীনা ও সার্থক দাশগুপ্ত। এই ছবি বিদ্যা বালনের প্রথম দু-তিনটি কাজের একটি বলেও শোনা যাচ্ছে। এই একটি ছবিতেই কেবল জুটি বেঁধেছিলেন ইরফান ও বিদ্যা। গত ২৫ বছর ধরে আড়ালে ছিল এই ছবি। অবশেষে ইরফানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তি পেল এই ছবি। ইউটিউবে মুক্তিপ্রাপ্ত এই ছবি প্রয়াত অভিনেতাকে উৎসর্গ করা হয়েছে।
কেন এত দিন আটকে ছিল এই ছবি? শোনা যায়, ছবির আসল ফুটেজ হারিয়ে গিয়েছিল। যার ফলে ছবির পরিচালক ও প্রযোজক এই ছবি মুক্তির আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু দিনকয়েক আগে হঠাৎই সেই পুরনো ফুটেজের ‘ভিএইচএস কপি’ পুনরুদ্ধার করতে পারেন সার্থক দাশগুপ্ত। তাই নতুন করে ছবিটিকে সাজানোর সুযোগ পান তিনি। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি খুবই আনকোরা ছিলাম সেই সময়ে। ওই ছবি তৈরির আগে আমি কারও সহযোগী হিসাবেও কাজ করিনি। আমি চলচ্চিত্র প্রশিক্ষণের স্কুলেও পড়াশোনা করিনি। তখন ইউটিউব দেখেও শেখার উপায় ছিল না। শুধু একটা সৎ উদ্দেশ্য নিয়ে এই ছবির কাজ শুরু করেছিলাম। অবশেষে সেই ছবি পেয়েছি এবং ইরফানকে উৎসর্গ করছি।”
সার্থক জানান, ছবি ফিরে পেয়ে তিনি আরও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এক হারিয়ে যাওয়া স্বপ্ন সত্যি হতে দেখছেন তিনি। ছবিতে ইরফান ও বিদ্যা ছাড়াও অভিনয় করেছেন অন্নু খন্ডেলবাল, সৌরভ অগ্রবাল, সতীশ কালরা, আনন্দ মিশ্র প্রমুখ।