Mega Besh Korechi Prem Korechi

নায়ক-নায়িকার প্রেমকে ছাপিয়ে গেল ‘একা বাবা’র রোমান্স! ছোটপর্দায় ‘সিঙ্গল ফাদার’-এর গল্প?

‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকে ‘একা বাবা’র প্রেমজীবন আলোচিত বিষয় হয়ে উঠেছে। কিছু দৃশ্য ইতিমধ্যেই ভিডিয়ো আকারে ভাইরাল। গল্পের ধরন কি বদলাচ্ছে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯
Share:

আলোচনায় রূপসা চক্রবর্তী, ভাস্বর চট্টোপাধ্যায়? ছবি: ফেসবুক।

নায়ক-নায়িকার রোমান্স দেখতেই ছোটপর্দার সামনে ভিড় জমান দর্শক। তাঁদের সুখ-দুঃখ, ভাল-মন্দ ছুঁয়ে যায় দর্শককে। ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’তে ক্রমশ উল্টো ঘটনা ঘটছে! নায়ক-নায়িকার প্রেম ছাপিয়ে সেখানে জনপ্রিয় হচ্ছে ‘একা বাবা’র রোমান্স।

Advertisement

প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকের বয়স বেশি নয়। এই প্রজন্মের স্কুলজীবনের প্রেম ধারাবাহিকের বিষয়। সেখানে আরও একটি গল্প সমান্তরাল ভাবে দেখানো হচ্ছে। ‘একা বাবা’ অনুরাগ তার একমাত্র সন্তান চিরাগকে একা হাতে মানুষ করছে। চিরাগের হাত ধরে তার জীবনে প্রবেশ ঘটছে মহিলা পুলিশ অফিসার কাজল ঘোষের। এখানেই গল্পের মোচড়। একরত্তি চায়, কাজল তার মায়ের জায়গা নিক। বাবাকে বিয়ে করুক। এই দুই ভূমিকায় যথাক্রমে ভাস্বর চট্টোপাধ্যায়, রূপসা চক্রবর্তী।

ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’তে রূপসা চক্রবর্তী, ভাস্বর চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

খবর, তাঁদের পর্দার রোমান্স নাকি দর্শকমনে অনুভূতির রং ছড়িয়েছে।

Advertisement

তা হলে কি ছোটপর্দায় ‘সিঙ্গল ফাদার’-এর গল্প জায়গা করে নিতে চলেছে? আনন্দবাজার ডট কম যোগাযোগ করে জানতে চেয়েছিল প্রযোজক স্নেহাশিসের কাছে। তাঁর কথায়, “আমিও বিষয়টি খেয়াল করেছি। মূল গল্পের সঙ্গে এটি সমান্তরাল ভাবে এগিয়ে চলেছে। সাম্প্রতিক বেশ কিছু দৃশ্য দর্শকের ভাল লেগেছে, সমাজমাধ্যমে তার প্রতিফলন ঘটেছে। সেটা দেখেই বুঝতে পারছি ‘একা বাবা’ অনুরাগ আর পুলিশ অফিসার কাজলের জুটি হিট করে গিয়েছে।” তিনি এ-ও জানিয়েছেন, ‘সিঙ্গল ফাদার’ বিষয়টি ছোটপর্দায় এখনও সে ভাবে দেখানো হয় না। ‘একা মা’ নিয়ে যত ধারাবাহিক তৈরি হয়। দর্শকের মনোভাব ইতিবাচক হলে আগামী দিনে ‘একা বাবা’কেই পটভূমিকায় রেখে ধারাবাহিক তৈরির কথা অবশ্যই ভাববেন স্নেহাশিস।

যাঁদের অভিনয়ের কারণে ধারাবাহিকটি নতুন করে আলোচনায়, সেই ভাস্বর আর রূপসা কী বলছেন?

দুই অভিনেতার কণ্ঠেই তৃপ্তির আভাস। ভাস্বর রসিকতা করেছেন, “ছোটপর্দায় আমিই রূপসার প্রথম নায়ক! এই নিয়ে আমরা মোট তিনটি ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছি। ফলে, পর্দায় ওর সঙ্গে আমার রসায়ন ছিলই।” একই সঙ্গে তিনি খুশি ‘একা বাবা’র চরিত্রে অভিনয় করতে পেরে। ভাস্বর বলেছেন, “এই ধরনের চরিত্র এর আগে করিনি। ‘একা বাবা’দের জীবন কেমন হয়, তা-ও জানি না। ফলে, পুরোটাই স্নেহাশিসদার উপরে নির্ভর করছি। ওঁর দেখানো পথে অভিনয় করছি। বরাবরই দাদা আমায় নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে ভালবাসেন। সফলও হন।” প্রায় একই কথা রূপসারও। তিনিও মনে করিয়ে দিলেন, ভাস্বর আর তিনি দর্শক পরীক্ষিত জুটি। ফলে, তিনি নিশ্চিন্তে অভিনয় করতে পারছেন। স্নেহাশিস তাঁর অভিনেত্রী স্ত্রী রূপসাকে পর্দায় কতটা রোম্যান্স করতে দিয়েছেন? জবাবে দরাজ হাসি অভিনেত্রীর। পাল্টা রসিকতা করেছেন তিনিও। বলেছেন, “আমরা পুরনো জুটি। স্নেহাশিস তাই নিশ্চিন্তেই আছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement