New Updates Of Rahul Arunoday Death

টেলিপাড়ায় গুঞ্জন, প্রযোজনা ছাড়বেন লীনা গঙ্গোপাধ্যায়? জবাব দিলেন শৈবাল বন্দ্যোপাধ্যায়

রাহুল অরুণোদয়ের মৃত্যু কি টলিয়ে দিল তাঁকে? সেই জন্যই কি ‘ম্যাজিক মোমেন্টস’ থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন অন্যতম কর্ণধার?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৭:৫২
Share:

লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক মাস পার। এখনও নীরব প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধারজুটি লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। তাঁদের ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র আউটডোর শুটিং করতে গিয়েই তালসারির সমুদ্রে আকস্মিক মৃত্যু হয় রাহুলের। তার মধ্যেই গুঞ্জন, প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার লীনা নাকি বিনোদনদুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন!

Advertisement

এ রকমও শোনা যাচ্ছে, তিনি নাকি আগামী দিনে প্রযোজনার সঙ্গে আর যুক্ত থাকতে না-ও পারেন। তা হলে তাঁকে কোন ভূমিকায় দেখা যেতে পারে? এমন জল্পনাও শোনা গিয়েছে, তিনি নাকি সম্পূর্ণ ভিন্ন পেশায় নিজেকে সরিয়ে নিতে পারেন।

রাহুলের অস্বাভাবিক মৃত্যুর পরে লীনা-শৈবাল, পরিচালক-সহ ধারাবাহিকের একাধিক ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। প্রয়াত অভিনেতার স্ত্রী তালসারিতে গিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে খবর। তার পরেই অভিনেতা এবং টেকনিশিয়ানদের দাবি, যত দিন না নির্দোষ প্রমাণিত হচ্ছেন, তত দিন ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে কেউ কাজ করবেন না। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘চিরসখা’ বন্ধ হয়ে গিয়েছে। লীনার ছেলে অর্কপ্রভ গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘কনে দেখা আলো’র ভবিষ্যৎ নিয়েও জলঘোলা হয়েছিল। তবে আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, ‘কনে দেখা আলো’র কাহিনিকার লীনা। খবর, ধারাবাহিক থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে। এই কারণেই কি প্রযোজনা থেকে সরে আসতে চাইছেন লীনা? না কি, রাহুল অরুণোদয়ের মৃত্যু টলিয়ে দিল তাঁকে? সেই জন্যই কি ‘ম্যাজিক মোমেন্টস’ থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন অন্যতম কর্ণধার?

সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল লীনার সঙ্গে। তাঁর ফোন বেজে গিয়েছে। একই ভাবে ফোন বেজে গিয়েছে তাঁর ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়েরও। কথা বলেছেন প্রযোজনা সংস্থার দ্বিতীয় কর্ণধার শৈবাল। প্রশ্ন শুনে তিনি পাল্টা জানতে চান, “কে এই ধরনের গুঞ্জন ছড়াচ্ছে? আমার মনে হয়, যিনি বা যাঁরা এই ধরনের গুঞ্জন ছড়াচ্ছেন, তাঁরাই সবচেয়ে ভাল উত্তর দিতে পারবেন।”

পুরোটাই গুঞ্জন হলে, আগামী দিনে কি আগের মতোই ধারাবাহিক প্রযোজনা করবেন জুটি? নাকি আগামী দিনে শৈবাল একাই দায়িত্ব সামলাবেন? এ বারেও সাফ জবাব শৈবালের। তাঁর কথায়, “আর্টিস্ট ফোরাম ফতোয়া দিয়েছে, আমাদের সঙ্গে নাকি কেউ কাজ করতে চাইছেন না। তা হলে তো কাজ করার প্রশ্নই উঠছে না।” আর আগামী দিনের কথা এখনই বলতে বা ভাবতে নারাজ তিনি। ‘ম্যাজিক মোমেন্টস’-এর অন্যতম কর্ণধারের যুক্তি, “আগামী কে দেখেছে? তখন পরিস্থিতি কী হবে, কী করে জানব! তাই ভবিষ্যৎ নিয়ে এখনই কোনও বক্তব্য জানাতে রাজি নই।” তাঁর মতে, সময় সব উত্তর দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement