Friday Release

টলিউডে পালাবদল, রুদ্র-পরমের ফের হাওয়াবদল! মুম্বই হামলার স্মৃতি উস্কে দেবেন কঙ্গনা, আর কী কী ছবি এ সপ্তাহে

সবে বিশ্বকাপ শুরু হয়েছে। তাই বলে সিনেমা তো আর থেমে থাকবে না! রসিকজন ফুটবলের বিশ্বযুদ্ধ যেমন দেখবেন, তেমনই সময় সুযোগ বুঝে হাঁটা দেবেন প্রেক্ষাগৃহের পথেও! চলতি সপ্তাহে তাঁদের জন্য থাকছে আকর্ষণীয় কিছু ছবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১০:০৮
Share:

শুক্রবারে কোন কোন সিনেমা মুক্তি পাচ্ছে ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত কয়েক মাস ধরে আইপিএলের দাপট থেকে রাজনৈতিক পালাবদলের খবরেই ব্যস্ত ছিলেন রাজ্যের মানুষ। ছবিমুক্তির সংখ্যা ছিল হাতেগোনা। কিন্তু এই শুক্রবার বাংলা থেকে হিন্দি, একগুচ্ছ সিনেমা মুক্তি পাচ্ছে।

Advertisement

ভারত ভাগ্য বিধাতা:

কঙ্গনা রনৌত রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে অনেকেই অভিযোগ তুলেছেন, তিনি নাকি একপেশে প্রচারসর্বস্ব ছবি তৈরি করেন। একটা সময় বলিউডের পয়লা নম্বর অভিনেত্রী ছিলেন তিনি। যদিও রাজনীতিতে আসার পর থেকে ছবির সংখ্যা কমতে থাকে তাঁর। নিজেই নিজের সিনেমা প্রযোজনার দায়িত্ব নেন। তার পর থেকে প্রায় চারটি ছবি বানিয়েছেন। শেষ ছবি ছিল ‘ইমার্জেন্সি’। সেই ছবি বক্সঅফিসে সে ভাবে ছাপ ফেলতে পারেনি। এ বার মুক্তি পেতে চলেছে কঙ্গনার ‘ভারত ভাগ্য বিধাতা’। ২৬/১১-এর ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে ছবি করেছেন কঙ্গনা। ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনোজ তাপাডিয়া। কঙ্গনা অভিনয় করেছেন এক নার্সের চরিত্রে। এমনিতেই বিতর্কিত মন্তব্যের জন্য নামডাক রয়েছে কঙ্গনার। এই ছবির প্রচারের সময়েও ভারতীয় নার্সদের চালু ইউনিফর্ম বদলের দাবি তুলেছেন তিনি। তাঁদের পোশাক নাকি বড্ড বেশি বিদেশি ধাঁচের। তাঁর মতে, ইউনিফর্মের সঙ্গে পিন, ক্যাপ বা বেল্ট ব্যবহার করার বিষয়টি মার্কিন নৌবাহিনী থেকে এসেছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন ছিল, এখনও অনেকটা তেমনই রয়েছে। কঙ্গনার মতে, সেবিকাদের পোশাক বদল করে ভারতীয় ছোঁয়া আনার প্রয়োজন রয়েছে।

ম্যায় ওয়াপস আউঙ্গা:

কিছু ছবি এমন হয় যা বার বার নস্ট্যালজিয়াকে উস্কে দেয়। ইমতিয়াজ় আলি পরিচালিত এই ছবি যেন খানিকটা তেমনই। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জকে। এ ছাড়াও রয়েছেন বেদাঙ্গ রায়না ও শর্বরী ওয়াগ। এটা মূলত একটা প্রেমের গল্প। ইমতিয়াজ় বার বার তাঁর ছবিতে মানব-মানবীর সম্পর্ককে তুলে ধরতে ভালবাসেন। তাঁর গল্পে কখনও মিলন, আবার কখনও কেন্দ্রীয় চরিত্রের বিচ্ছেদই দাগ কেটে গিয়েছে দর্শক হৃদয়ে। যার দৃষ্টান্ত ‘রকস্টার’, ‘হাইওয়ে’-র মতো ছবি। তাই দর্শক মহলে এই ছবিটি নিয়ে উত্তেজনা রয়েছে। সম্প্রতি কলকাতায় এই ছবির বিশেষ প্রদর্শনী হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, মানসী সিংহের মতো তারকারা। প্রত্যেকেই ছবির প্রশংসায় পঞ্চমুখ।

Advertisement

আবার হাওয়া বদল:

রাজ্য রাজনীতির পালাবদলের হাওয়া লেগেছে টলিউডেও। এমনই এক সন্ধিক্ষণে মুক্তি পেতে চলেছে ‘আবার হাওয়া বদল’। রাজনৈতিক পালাবদল পর্বে যে সব অভিনেতা প্রবল আলোচনার বূত্তে ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম পরমব্রত চট্টোপাধ্যায়। বিধায়ক হিসেবে নতুন দায়িত্ব কাঁধে এসে পড়েছে রুদ্রনীল ঘোষেরও। এই ছবিতে এই পরম-রুদ্রই মুখ্য চরিত্রে। গল্পে দুই বিপরীত মেরুতে অবস্থিত দুই তারকা।

গর্ভনর:

১৯৯০-এর দশকের গোড়ার দিকে ভারতের অর্থনৈতিক সঙ্কট পরিস্থিতি তুলে ধরা হবে ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’ ছবিতে। কেন্দ্রীয় চরিত্রে মনোজ বাজপেয়ী। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর এস ভেঙ্কিটা রামননের চরিত্রে অভিনয় করছেন মনোজ। দেশকে অর্থনৈতিক পতনের মুখ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পরিচালক চিন্ময় ডি মান্ডলেকর এই সিনেমায় অর্থনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক অনিশ্চয়তাকে তুলে ধরেছেন। কী ভাবে তিনি আড়ালে থেকে সেই সময় দেশের ক্রমবর্ধমান প্রতিকূলতার মধ্যেও দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে সাহায্য করেছিলেন সেটাই দেখানো হবে এই ছবিতে।

হন্টেড থ্রিডি:

ভৌতিক গল্পকে বার বার বড় তুলে ধরেছেন পরিচালক বিক্রম ভট্ট। এই ঘরানার ছবিতে তিনি মোটামুটি সিদ্ধহস্ত। পাহাড়ি এলাকায় বর্ষা রাতের প্রেক্ষাপটে ছবির গল্প বোনেন বিক্রম। এ বারও তাঁর ব্যতিক্রম হচ্ছে না। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পরে পর্দায় ফিরছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো ওরফে মহাক্ষয় চক্রবর্তী। এ ছাড়াও রয়েছেন চেতনা পাণ্ডে, টিয়া বাজপেয়ী, আরিফ জ়াকারিয়া-সহ অন্য অভিনেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement