Murshidabad Food Poisoning

বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি! বিষক্রিয়ার জের? ভরতপুরে খাবারের নমুনা পাঠানো হল পরীক্ষাগারে

ভরতপুর থানা এলাকার দে’চাপড়া গ্রামের বাসিন্দা সোহেল শেখের বৌভাতের অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। আমন্ত্রিত ছিলেন পাঁচ শতাধিক অতিথি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১১:০৭
Share:

ভরতপুরে বিয়েবাড়ির ভোজ খাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। —নিজস্ব চিত্র।

বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন অতিথিরা। শতাধিক আমন্ত্রিতকে ভোজ খেয়েই চিকিৎসার জন্য ছুটতে হয়েছে হাসপাতালে। কাউকে ভর্তি করাতে হয়েছে। কাউকে ছেড়ে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার পরেই। সূত্রের দাবি, সাত জনের অবস্থা আশঙ্কাজনক। মুর্শিদাবাদের ভরতপুরে এই ঘটনার পরেই চাঞ্চল্য তৈরি হয়েছে। কী থেকে এমন অসুস্থতা, খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ওই খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Advertisement

ভরতপুর থানা এলাকার দে’চাপড়া গ্রামের বাসিন্দা সোহেল শেখের বৌভাতের অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। আমন্ত্রিত ছিলেন পাঁচ শতাধিক অতিথি। অভিযোগ, দুপুরের খাবার খাওয়ার পরেই অনেকে অসুস্থ হয়ে পড়েন। বমির সঙ্গে পেটখারাপের উপসর্গও দেখা দেয় কারও কারও মধ্যে। স্থানীয় সূত্রে খবর, অসুস্থদের মধ্যে মহিলা, বয়স্ক এবং শিশুরাও রয়েছেন। অনেকে সেখানে গিয়েছিলেন রেজিনগর থেকে, কনেযাত্রী হিসাবে।

সন্ধ্যার পর থেকে অসুস্থদের ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো শুরু হয়। স্থানীয় বেসরকারি হাসপাতালেও নিয়ে যাওয়া হয় অনেককে। গুরুতর অসুস্থদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। গ্রামীণ হাসপাতলে একসঙ্গে এত জনের চিকিৎসার জন্য পর্যাপ্ত শয্যা ও পরিকাঠামো না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

Advertisement

প্রাথমিক ভাবে বিয়েবাড়ির খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। খাবারের নমুনা পরীক্ষার রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে। জেলা স্বাস্থ্য দফতরও ঘটনার দিকে নজর রেখেছে। মুর্শিদাবাদের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্য়‌াল বলেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে। গ্রামীণ হাসপাতালে অতিরিক্ত মেডিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement