Kareena VS Attitude

উনি তো সব সময় ‘অ্যাটিটিউড’ দেখান, কার তোপের মুখে করিনা কপূর খান! আবার কী ঘটালেন?

ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন সপরিবারে। সেখানে গিয়েও নাকি ‘কাণ্ড’ ঘটিয়েছেন নবাবপত্নী! কী কারণে তাঁর ‘আচরণ’ নিয়ে আলোচনা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৫
Share:

করিনা কপূর খান কি নাকউঁচু? ছবি: ফেসবুক।

করিনা কপূর খান কি নাকউঁচু? এই নিয়ে বলিউড দ্বিধাবিভক্ত। সিংহভাগের দাবি, কপূর পরিবারের কন্যা এবং নবাব পরিবারের ঘরণি তিনি। হয়তো তাই তিনি নিজেকে নিয়ে একটু বেশিই সচেতন। হয়তো সেই কারণেই তিনি অন্যদের থেকে নিজেকে একটু তফাতে রাখেন। বাকিরা কি সেই আচরণকে ‘অ্যাটিটিউড’ ভাবেন?

Advertisement

কেন করিনাকে ঘিরে বাকিদের এই ধারণা? সদ্য তিনি দুই সন্তান তৈমুর আলি খান, জেহ্‌ আলি খান আর স্বামী সইফ আলি খানকে নিয়ে আইএসপিএল-এর ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন। দর্শকাসন থেকে তাঁদের দল ‘কলকাতা অফ টাইগার্স’-এর হয়ে গলা ফাটাতেও দেখা গিয়েছে সইফ-করিনাকে। সেখানেই নাকি ‘কাণ্ড’ ঘটেছে।

খান পরিবারের মতো খেলা দেখতে এসেছিলেন ‘বিগ বস ১৩’-খ্যাত আরতি সিংহও। তিনি তাঁর মা এবং স্বামী দীপক চৌহনকে নিয়ে এসেছিলেন। তাঁদের মুখোমুখি সইফ-করিনার। এর পরেই তিনি মাকে নিয়ে সইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। করিনাকে পাত্তা না দিয়েই! এই ঘটনা নাকি খুব ভাল চোখে দেখেননি করিনা। সঙ্গে সঙ্গে তিনি নাকি আরতির দিকে বাঁকা নজরে তাকান। বিষয়টি বুঝতে পারেন সইফ। একটুও দেরি না করে তিনিই ডেকে নেন বেবোকে। একসঙ্গে ছবিও তোলেন। কিন্তু তত ক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। করিনা ক্যামেরার সামনে পোজ় দিতে গিয়েও ফের কড়া নজরে দেখেন আরতিকে।

Advertisement

পুরো ঘটনা ভিডিয়ো হয়ে ছড়িয়ে যায় সমাজমাধ্যমে। দেখতে দেখতে অভিনেত্রীর আচরণ সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়। করিনাকে যাঁরা অপছন্দ করেন, এই সুযোগে তাঁরা কটাক্ষে বিদ্ধ করেছেন তাঁকে। অনেকেই ভিডিয়োর মন্তব্য বিভাগে গিয়ে লেখেন, “ওঁর ‘অ্যাটিটিউড’ দেখুন! সব সময়ে উনি এ ভাবেই ‘অ্যাটিটিউড’ দেখান।” যদিও অন্য একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, ছবি তোলার আগে আরতীর সঙ্গে হাসিমুখেই কথা বলছেন করিনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement