‘পিদ্দী’ থেকে কেন বাদ পড়লেন খুশি কপূর? ছবি: সংগৃহীত।
মুক্তির অপেক্ষায় পরিচালক বুচি বাবু সানার ছবি ‘পিদ্দী’। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর। আগামী ৪ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি। নাম ভূমিকায় রাম চরণের বিপরীতে প্রথমে নাকি অভিনয় করার কথা ছিল জাহ্নবীর বোন খুশি কপূরের।
ছবির প্রচারের সময়েই পরিচালক জানান, এই চরিত্রটির জন্য প্রথমে খুশিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, একটি নির্দিষ্ট কারণে পরে তাঁর বদলে জাহ্নবীর কথা ভাবা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথমে আচিয়াম্মা চরিত্রটি তিনি খুশিকে শোনান। কিন্তু, খুশিকে সামনাসামনি দেখার পরে তাঁর মনে হয় যে, এই চরিত্রের জন্য অভিনেত্রীর বয়স অনেকটাই কম। পরিচালক বলেন, “আমি প্রথমে খুশিকে গল্পটি শুনিয়েছিলাম। কিন্তু তাঁকে সামনে দেখে বুঝলাম, এই চরিত্রের জন্য তিনি খুবই ছোট। এখন ভাবুন, একই বাড়িতে খুশিকে বাদ দিয়ে জাহ্নবীকে গল্প শোনাতে হচ্ছে— খারাপ লাগছিল। তাই আমি জাহ্নবীকে জিজ্ঞাসাও করি যে, খুশি কিছু মনে করেছেন কি না।”
বুচি যোগ করেন, “আমি জাহ্নবীকে বোঝাই যে, কেন তাঁর বোনকে বাদ দিয়েছি। সিনেমার জন্য এমন সিদ্ধান্ত নিতেই হয়। আমি জানতাম এই চরিত্রে জাহ্নবীকে মানাবে। অন্যদের গল্প শোনানোর সময়েও, ওই চরিত্রে আমি জাহ্নবীকে কল্পনা করে নিতাম।”
‘পিদ্দী’ একটি স্পোর্টস অ্যাকশন ড্রামা ঘরানার ছবি। এটি পরিচালকের দ্বিতীয় ছবি। ছবির প্রচার-ঝলক মুক্তি পাবে ১৮ মে। ১৯৮০-র দশকের গ্রামীণ অন্ধ্রপ্রদেশকে কেন্দ্র করে নির্মিত এই ছবি। ইতিমধ্যেই ছবির মুক্তির তারিখ দু’বার পিছিয়েছে।