Oscars 2026

অস্কারের মঞ্চে ফের সেরা লিয়োনার্দো ডিক্যাপ্রিয়োর ছবি! দাপট দেখাল ‘সিনার্স’ও, বাকিরা কে কোথায়?

১৬টি বিভাগে মনোনীত হয় রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’, যা ‘টাইটানিক’ ও ‘লা লা ল্যান্ড’-এর নজিরও ভেঙে দিয়েছে। সব মিলিয়ে অস্কারের মঞ্চে কার কার ভাগ্যে শিকে ছিঁড়ল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৮:৪৯
Share:

অস্কারের মঞ্চে সেরা কারা? ছবি: সংগৃহীত।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ দাপট দেখা গেল দু’টি ছবির: ‘সিনার্স’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ বারের মনোনয়নে সবচেয়ে বেশি জায়গা পেয়েছিল এই দু’টি ছবিই। ১৬টি বিভাগে মনোনীত হয় রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’, যা ‘টাইটানিক’ ও ‘লা লা ল্যান্ড’-এর নজিরও ভেঙে দিয়েছে। শেষপর্যন্ত এ বছর অস্কারের মঞ্চে কার কার ভাগ্যে শিকে ছিঁড়ল?

Advertisement

এ বছর ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছাড়াও সেরা ছবির জন্য মনোনয়ন পায় ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ‘দ্য সিক্রেট এজেন্ট’, ‘মার্টি সুপ্রিম’, ‘হ্যামনেট’, ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘এফ১: দ্য মুভি’, ‘বুগোনিয়া’ এবং ‘ট্রেন ড্রিমস’-এর মতো ছবি। কিন্তু সেরার শিরোপা জিতে নেয় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। তৈরি হল নতুন নজির। এর আগে লিয়োনার্দো ডিক্যাপ্রিয়ো অভিনীত ‘টাইটানিক’ অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছিল। তিনি নিজেও ‘রেভেন্যান্ট’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। আরও এক বার তাঁর অভিনীত ছবিই অস্কারের মঞ্চে সেরার শিরোপা পেল। সেরা পরিচালকের সম্মানও পেলেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির পরিচালক পল থমাস অ্যান্ডারসন। রয়েছে সেরা সম্পাদনার পুরস্কারও। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি একটি অ্যাকশন থ্রিলার এটি। বব নামের এক প্রাক্তন বিপ্লবীর গল্প উঠে আসে ছবিতে। বব-এর কন্যা উইলা অপহৃত হয়। তার পরেই শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই। এই ছবি দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিল আগেই।

১৯৩২ সালের মিসিসিপির প্রেক্ষাপটে নির্মিত একটি অলৌকিক হরর থ্রিলার ‘সিনার্স’। ছবিতে উঠে আসে তথাকথিত অলৌকিক বিদ্যা ব্যবহার করে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। রায়ান কুগলার পরিচালিত এই ছবি জিতে নিল সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কারেও জায়গা করে নিয়েছে ‘সিনার্স’। সেরা অভিনেতার সম্মানও পেলেন এই ছবির অভিনেতা মাইকেল বি জর্ডান।

Advertisement

অন্য দিকে, সেরা অভিনেত্রীর খেতাব ‘হ্যামনেট’ ছবির জন্য জেসি বাকলির হাতে উঠেছে। ম্যাগি ও’ফারেল-এর জনপ্রিয় উপন্যাস ‘হ্যামনেট’-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। উইলিয়াম শেক্সপিয়র ও তাঁর স্ত্রী অ্যাগনেস হ্যাথওয়ের মর্মস্পর্শী কাহিনি উঠে আসে এই ছবিতে।

এ বছর অস্কারের মঞ্চে সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছিলেন মাইকেল বি জর্ডান (সিনার্স), টিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম), লিয়োনার্দো ডিক্যাপ্রিয়ো (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন) এবং ভাগনার মউরা (দ্য সিক্রেট এজেন্ট)।

অন্য দিকে, সেরা অভিনেত্রী বিভাগের জন্য মনোনয়নে ছিলেন জেসি বাকলি (হ্যামনেট), এমা স্টোন (বুগোনিয়া), রেনাতে রাইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু), কেট হাডসন (সং সাঙ ব্লু) এবং রোজ বাইর্ন (ইফ আই হ্যাড লেগস আইড কিক ইউ)।

উল্লেখ্য, ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর দৌড়ে প্রথম দিকে শামিল হয়েছিল ভারতের ছবি ‘হোমবাউন্ড’। কিন্তু অস্কার-এর চূড়ান্ত মনোনয়ন তালিকায় ঠাঁই হয়নি কর্ণ জোহর প্রযোজিত ও নীরজ ঘেওয়ান পরিচালিত ছবির। আন্তর্জাতিক কাহিনিচিত্র বিভাগে জন্য সারা পৃথিবী থেকে মোট ১৫টি ছবি বাছাই করা হয়েছিল। সেখানেই স্থান পেয়েছিল ‘হোমবাউন্ড’। তবে শেষপর্যন্ত ছিটকে যায় সেই ছবি।

গত বছরের মতো এ বারও সঞ্চালক তথা কৌতুকাভিনেতা কোন্যান ও’ব্রায়ানের কথায় বার বার উঠে আসে নানা সমসাময়িক প্রসঙ্গ। অনুষ্ঠানে এ বার উপস্থাপকের ভূমিকা পালন করেছেন প্রিয়ঙ্কা চোপড়াও।

এক নজরে ৯৮তম অস্কার-

সেরা ছবি- ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা পরিচালক- পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা অভিনেত্রী- জেসি বাকলি (হ্যামনেট)

সেরা অভিনেতা- মাইকেল বি জর্ডান (সিনার্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী- এমি ম্যাডিগন (উইপনস)

সেরা পার্শ্ব অভিনেতা- শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা অ্যানিমেটেড ছবি- কেপপ ডিমন হান্টার্স

সেরা আন্তর্জাতিক ছবি- সেন্টিমেন্টাল ভ্যালু

সেরা তথ্যচিত্র (পূর্ণদৈর্ঘ্যের)- মিস্টার নোবডি এগেনস্ট পুতিন

সেরা চিত্রনাট্য (অরিজিনাল)- রায়ান কুগলার (সিনার্স)

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড)- পল থমাস আন্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা গান (অরিজিনাল)- কেপপ ডিমন হান্টার্স

সেরা আবহসঙ্গীত- লাডউইগ গোরানাসন (সিনার্স)

সেরা সিনেমাটোগ্রাফি- অটাম ডুরাল্ড আর্কাপ (সিনার্স)

সেরা সম্পাদনা- অ্য়ান্ডি জার্গেনসেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা প্রোডাকশন ডিজ়াইন- তামারা ডেভারেল ও শেন ভিও (ফ্র্যাঙ্কেনস্টাইন)

সেরা তথ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্যের)- অল দ্য এম্পটি রুম্স

সেরা ভিশুয়াল এফেক্টস- অ্যাভটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

সেরা পোশাকশিল্প- কেট হলি (ফ্র্যাঙ্কেনস্টাইন)

সেরা কাস্টিং- ক্যাসান্ড্রা কুলুকুনডিস (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement