জামাইষষ্ঠী মানেই খাওয়াদাওয়া, রংবেরঙের
জামাকাপড় পরা। প্রায় সমস্ত বাঙালি হিন্দু বাড়িতেই এই দিনটি অত্যন্ত আড়ম্বরের
সঙ্গে পালিত হয়। শাশুড়ি মায়েরা জামাই-মেয়ের জন্য নানা পদ রান্না করেন, যত্ন করে খাওয়ান। অনেকে শাস্ত্রমতে এই দিন ষষ্ঠীর ব্রতও পালন করে থাকেন।
সবটাই করা হয় মেয়ে-জামাইয়ের ভাল চেয়ে, তাঁদের মঙ্গলকামনায়।
চলতি বছর ২০ জুন, শনিবার পালিত হবে জামাইষষ্ঠী। জামাইষষ্ঠী মানে কিন্তু কেবল
খাওয়া-দাওয়া নয়। এই দিন ষষ্ঠীদেবীর পুজোও করতে হয়। তার কিছু বিশেষ নিয়ম রয়েছে। সে
সম্বন্ধে জেনে নিন।
জামাইষষ্ঠী পালনের নিয়ম:
- শাস্ত্রমতে এই পুজোয় কাঠালপাতা লাগে। সেটির উপর বিজোড়
সংখ্যার, তিন, পাঁচ অথবা সাতটি ফল রাখতে হবে। সেগুলি মরশুমি ফল হলেই বেশি ভাল হয়।
- এর সঙ্গে লাগবে ১০৮টি দূর্বা।
- জামাইষষ্ঠীর দিন ভোরবেলা উঠে শাশুড়িমাদের স্নান করে নিতে
হবে। তার পর ঘটে জল ভরে রাখতে হবে।
- তার পর সেই ঘটের উপর আমের পল্লব দিতে হবে। পাশে রাখতে হবে
তালপাতার তৈরি হাতপাখা এবং কাঠালপাতায় সাজানো ফলের ডালি ও দূর্বা।
- একটা সুতো নিয়ে সেটিকে হলুদে ডুবিয়ে পাখার উপর রাখুন এবং
সঙ্গে বিজোর সংখ্যার কয়েকটি করমচা নিয়েও সেই পাখার উপর রাখুন।
- ধূপ-প্রদীপ জ্বালিয়ে ষষ্ঠীর ব্রতকথা পড়ুন। পুজো সম্পন্ন হল। মন চাইলে কোনও মন্দিরে গিয়েও ষষ্ঠীদেবীর পুজো করতে পারেন।
- মেয়ে-জামাইয়ের মঙ্গল কামনায় এ বার তাঁদের কপালে দইয়ের ফোঁটা
দিন। তার পর সেই তালপাতার পাখা দিয়ে তাঁদের হাওয়া করুন। এই সময় তিন বার
‘ষাট-ষাট-ষাট’ বলতে হবে। হাতে সেই হলুদ রঙের সুঁতোটি বেঁধে দিন। একে মা ষষ্ঠীর ডোর
বলে। সব শেষে ১০৮টি দূর্বা জলে ডুবিয়ে সেই জল মেয়ে-জামাইয়ের গায়ে ছিটিয়ে দিন।