(বাঁ দিকে) সমান্থার সঙ্গে নাগ, (ডান দিকে) শোভিতার সঙ্গে নাগ। ছবি: সংগৃহীত।
২০২৫-এর ১ ডিসেম্বর দ্বিতীয় বার বিয়ে করেছেন অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। তার তিন দিন পরেই প্রথম বিবাহবার্ষিকী পালন করেন নাগ চৈতন্য ও তাঁর বর্তমান স্ত্রী শোভিতা ধুলিপালা। সমান্থার সঙ্গে দাম্পত্যে থাকাকালীন প্রকাশ্যে ভালবাসার বহিঃপ্রকাশে খানিক কুণ্ঠা বোধ করতেন নাগ। এক চ্যাট শোয়ে এসে নাগ ফোনে সমান্থাকে বলেন বেফাঁস কিছু তেমন যাতে না বলে বসেন। তবু কথা শোনেনি সমান্থা। প্রকাশ্যে ‘ভালবাসি’ বলেন নাগকে উদ্দেশ করে। এ বার অবশ্য নাগ একেবারে অন্য মানুষ। স্ত্রী শোভিতাকে নিয়ে কী বললেন নাগ?
শোভিতার সঙ্গে তাঁর বিয়ের সদ্য বর্ষপূর্তি হয়েছে। দিনকয়েক আগেই তিনি জানিয়েছেন, শোভিতার সঙ্গে সুখে আছেন তিনি। এ বার জানালেন তাঁদের দাম্পত্যজীবনের খুঁটিনাটি। নাগ নিজে সিনেমা নিয়ে অত্যন্ত আবেগতাড়িত। আর শোভিতা এমন একজন মানুষ, যিনি তাঁর পেশাটা বোঝেন। এমনকি, শোভিতা আসার পর থেকেই তাঁর জীবনে ভাল ঘটনা ঘটেছে। নাগের কথায়, ‘‘শোভিতাই আমার জীবনে সৌভাগ্যের প্রতীক।’’
অভিনেতার বিয়ের পরই তাঁর অভিনীত ‘থাণ্ডেল’ ছবিটি বক্সঅফিসে ১০০ কোটির গণ্ডি পেরোয়। নাগের কথায়, ‘‘আসলে আমরা সারাক্ষণ সিনেমা নিয়ে কথা বলি। ইন্ডাস্ট্রির অন্দরে কী হচ্ছে, কোন ধরনের চিত্রনাট্য হচ্ছে, কোন বাজেটে ছবি হচ্ছে। আসলে দু’জনেই বুদ্ধিদীপ্ত আলোচনা করি। আমার দু’জনেই কাজ ভালবাসি। এ ছাড়াও বিশ্বে কোথায় কী হচ্ছে সেটা নিয়েও কথা বলি।’’