শাহরুখ, অমিতাভের সঙ্গে কাজ করতে অনিচ্ছুক সুদীপ? ছবি: সংগৃহীত।
শাহরুখ খান, অমিতাভ বচ্চন—বলিউডের দুই বড় নাম। অনেকের কাছেই তাঁদের সঙ্গে কাজ করা একপ্রকার স্বপ্ন। বিশেষ করে নতুন পরিচালক, প্রযোজকদের কাছে তো বটেই। কিন্তু সেই পথে হাঁটতে রাজি নন পরিচালক সুদীপ শর্মা। স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্ডাস্ট্রির বড় তারকাদের সঙ্গে কাজ করার প্রতি তাঁর কখনও আগ্রহ জন্মায়নি। কিন্তু কেন? নেপথ্যে রয়েছে কোন কারণ?
অনুষ্কা শর্মা প্রযোজিত ‘এনএইচ ১০’ ছবির চিত্রনাট্যকার ছিলেন সুদীপ। তার পরে বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজ় লিখেছেন এবং পরিচালনাও করেছেন তিনি। সুদীপ বলেন, বড় তারকার সঙ্গে কাজ করা মানে এক অন্য ধরনের দায়িত্ব। যে দায়িত্ব নিতে তিনি খুব একটা ইচ্ছুক নন। সুদীপ বলেন, “শাহরুখ বা অমিতাভের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার কখনও হয়নি। কারণ, আমি সব সময়ই নিজের গল্প বলতে চেয়েছি। বড় তারকার সঙ্গে কাজ করতে গেলে অনেক ধরনের দায়িত্ব কাঁধে চলে আসে। সে ক্ষেত্রে ভাবতে হয় তারকাদের অনুরাগীদের কেমন লাগবে। নামী অভিনেতা হলে তাঁদের ভাবমূর্তি নিয়েও সচেতন থাকতে হয়। যা আমার পক্ষে খুবই কঠিন। কখনও তো এ ভাবে ভাবিইনি।”
তাই পরিচালক কোনও দিনই বড়, নামী তারকার সঙ্গে কাজ করার ইচ্ছা বা প্রবণতা তৈরি হয়নি সুদীপের মধ্যে। তবে তাঁর দাবি, কখনও তাঁর লেখা গল্প বা চরিত্র অনুযায়ী যদি মনে হয় বলিউডের প্রথম সারির তারকাকেই দরকার, সে ক্ষেত্রে কথাবার্তা এগোতে তাঁর কোনও সমস্যা নেই।