(বাঁ দিকে) স্মৃতি মন্ধানা (ডান দিকে) পলাশ মুুচ্ছল। ছবি: সংগৃহীত।
ক্রিকেটতারকা স্মৃতি মন্ধানার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সুরকার তথা পরিচালক পলাশ মুচ্ছলের। গায়ে হলুদ, সঙ্গীতের অনুষ্ঠান সারার পরে, বিয়ের দিন সকালেই পলাশের বিরুদ্ধে ওঠে বিশ্বাসঘাতকার অভিযোগ। ভেঙে যায় পলাশ ও স্মৃতির বিয়ে। জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি। এ বার সাইবাবার আশীর্বাদ নিয়ে নতুন শুরুর পথে পলাশ।
পলাশ সমাজমাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন। সেখানেই দেখা যাচ্ছে শিরডী সাইবাবার মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছেন পরিচালক। সঙ্গে ছিলেন ওই মন্দিরের ট্রাস্টের ডেপুটি চিফ এগ্জ়িকিউটিভ অফিসার ভীমরাজ দরাদে। এ ছাড়াও সঙ্গে ছিলেন অভিনেতা সঞ্জয় মিশ্র। পলাশ ‘তেরা সাই’ নামক একটি ছবি করছেন, যার নামভূমিকায় রয়েছেন সঞ্জয়। ছবির শুটিং শুরুর আগে অভিনেতাকে সঙ্গে নিয়ে মন্দিরে আশীর্বাদ নিতে আসেন পলাশ। শোনা যাচ্ছে চলতি বছরই মুক্তি পাবে এই ছবি।
পলাশের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে যখন স্মৃতির ব্যক্তিগত জীবন টালমাটাল, সেই সময়ে তিনি কর্মজীবনে পেয়েছেন একের পর এক সাফল্য। মহিলাদের আইপিএলে তাঁর অধিনায়কত্বে কাপ জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ ছাড়াও আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন স্মৃতি। ফাঁকা বসে নেই পলাশও। তিনিও একের পর এক ছবির ঘোষণা করেছেন। দিনকয়েক আগেই ডেজ়ী শাহের সঙ্গে একটি ছবির কথা ঘোষণা করেন। এ বার তিনি হাত দিলেন ভক্তিমূলক এই ছবির কাজে।