Papiya Adhikari

অসুস্থ পাপিয়া অধিকারী, হল ছোট অস্ত্রোপচারও, এখন কেমন আছেন অভিনেত্রী তথা বিধায়ক?

শনিবার বাঙুর হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে তিনি কিছু ছবি দিতেই উদ্বেগ তাঁর ঘনিষ্ঠমহলে। প্রায় ৪০ মিনিট ধরে হল অস্ত্রোপচার। কী হয়েছে তাঁর?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৮:৫২
Share:

পাপিয়া অধিকারী। ছবি: সংগৃহীত।

শনিবার সকালে নিজের সমাজমাধ্যমের পাতায় হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে ছবি দেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। সেই ছবি দেখে উদ্বেগে তাঁর ঘনিষ্ঠমহল। কী হয়েছে তাঁর, এই মুহূর্তে কেমন আছেন তিনি, আনন্দবাজার ডট কম-কে জানালেন পাপিয়া।

Advertisement

পাপিয়া জানান, ডান হাতের মধ্যমায় সংক্রমণ হয়েছিল, যার জেরে শুরু হয় যন্ত্রণা। ক্রমে ফুলতে থাকে আঙুল, জমতে থাকে পুঁজ। শেষে হাসপাতালে ভর্তি হয়ে স্বস্তি মিলল। পাপিয়ার কথায়, ‘‘একটা মাইক্রোসার্জারি হল। চার পাশে এত কাজ, ব্যস্ততা, তার মাঝে এই অবস্থা! আমি তো টালিগঞ্জের বাসিন্দা। কাছেই বাঙুর হাসপাতাল, সেখানেই ছোট্ট অস্ত্রোপচার করালাম। বেশ অনেকটা সময় ধরেই হল অস্ত্রোপচার। আঙুলের অবশ ভাবটা কেটে গিয়েছে। তবে জায়গাটা টনটন করছে।’’ অস্ত্রোপচারের পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আপাতত তিনি বাড়িতে। তবে পাপিয়ার আক্ষেপ, বিধায়ক হিসেবে দিনের অনেক কাজ পড়ে রইল। তিনি জানান, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবেন। যদিও এরই মাঝে বেশ রসিকতা করেই তিনি বললেন, ‘‘আমার যখনই কিছু হয়, বেশ বাড়াবাড়ি রকমেরই হয়। সাত-আট বছর আগে ডবল নিউমোনিয়া হয়েছিল। সেই সময়ে প্রায় মৃত্যুশয্যায় চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এ বার আবার একটা অস্ত্রোপচার।’’

বিধায়ক হিসাবে বাঙুর হাসপাতালের প্রশংসা করে পাপিয়া বললেন, ‘‘লোকে বলছে, বিধায়কেরা তো বিদেশে কিংবা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান। আমার কাছে বিষয়টা অন্য। ভাল চিকিৎসা পাওয়া নিয়ে কথা। এখানে এত বড় অপারেশন থিয়েটার। চিকিৎসকেরা খুব যত্ন নিয়ে করলেন সবটা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement