Rishra Murder Case

‘পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে খুন’ রিষড়ায়! বেলগাছিয়া মেট্রো স্টেশনের লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পলাতক স্বামী

শনিবার সকালে রিষড়ার বাড়ি থেকে উদ্ধার হয় স্ত্রীর গলাকাটা দেহ। তার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না অভিযুক্ত স্বামীর। দুপুরে বেলগাছিয়ায় মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৯:০৬
Share:

(বাঁ দিকে) মনিকা সরকার এবং তাঁর স্বামী দীপঙ্কর সরকার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

রিষড়ার ভাড়াবাড়িতে স্ত্রীকে খুন করে পালিয়েছিলেন। সকালে বাড়ি থেকে উদ্ধার হয় স্ত্রীর রক্তাক্ত দেহ। দুপুরে স্বামী দীপঙ্কর সরকার ঝাঁপ দিলেন মেট্রোর লাইনে। শনিবার দুপুরে বেলগাছিয়ায় মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশের অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই স্ত্রীকে খুন করেছেন দীপঙ্কর।

Advertisement

স্ত্রী মনিকা সরকার এবং ৬ বছরের কন্যাকে নিয়ে হুগলির রিষড়ার এক ভাড়াবাড়িতে থাকতেন দীপঙ্কর। শুক্রবার রাতে রিষড়া তিন নম্বর গভর্নমেন্ট কলোনি প্রাথমিক স্কুলের পাশে ওই বাড়িতে মনিকার চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। শনিবার সকালে ওই বাড়িতে বিছানা থেকে উদ্ধার হয় মনিকার রক্তাক্ত দেহ। তাঁকে গলা কেটে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না দীপঙ্করের। পরে জানা যায়, বেলগাছিয়া স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

শনিবার দুপুরে বেলগাছিয়ায় মেট্রোর লাইনে এক যাত্রীর আত্মহত্যার খবর ছড়ায়। তার জেরে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ-ডাউন দুই লাইনে পরিষেবা সাময়িক বন্ধ থাকে। প্রাথমিক ভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। পরে চন্দননগর পুলিশ জানায়, ওই ব্যক্তি মনিকার স্বামী দীপঙ্কর। ডিসি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস জানান, এফআইআরে অভিযুক্ত হিসাবে দীপঙ্করের নাম ছিল। তাঁর খোঁজে তল্লাশি চলছিল। সেই সময়েই জানা যায়, উল্টোডাঙা থানার অন্তর্গত বেলগাছিয়া মেট্রো স্টেশনে আত্মহত্যা করেছেন তিনি।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মনিকার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন দীপঙ্কর। সেই নিয়ে বিবাদের জেরেই এই কাণ্ড বলে মনে করা হচ্ছে। রিষড়ার ভাড়াবাড়ি থেকে যখন মনিকার দেহ উদ্ধার হয়, তখন তাঁর গলায় একটি কাটা দাগ ছিল। ঘরে একটা শাড়ি ঝুলতে দেখা গিয়েছে। পুলিশের অনুমান, প্রথমে শ্বাসরোধ করে, তার পরে গলা কেটে খুন করা হয়েছে মনিকাকে।

স্ত্রীর পরিবারের সদস্যেরা অভিযোগ করেন, দীপঙ্করই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে রিষড়া থানায় এফআইআর রুজু করা হয়। দীপঙ্করের খোঁজে তল্লাশিও শুরু করে পুলিশ। এরই মধ্যে খবর আসে, তিনি মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement