Kolkata Metro Service

একই দিনে দ্বিতীয় আত্মহত্যার চেষ্টা মেট্রোয়! কালীঘাটের পর বেলগাছিয়া, দমদম থেকে গিরিশ পার্ক পরিষেবা বন্ধ ছিল প্রায় ১ ঘণ্টা

শনিবার সাতসকালে কালীঘাট স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছিলেন এক যাত্রী। দুপুরে বেলগাছিয়া স্টেশনে ঘটল একই ঘটনা। তার জেরে আবার ব্যাহত হল পরিষেবা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৬:১০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

একই দিনে কলকাতা মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। শনিবার সাতসকালে কালীঘাট স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছিলেন এক যাত্রী। দুপুরে বেলগাছিয়া স্টেশনে ঘটল একই ঘটনা। তার জেরে আবার ব্যাহত হয় পরিষেবা। মেট্রো সূত্রে খবর, এই ঘটনার জন্য দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ-ডাউন দুই লাইনে সাময়িক পরিষেবা বন্ধ থাকে। প্রায় ঘণ্টাখানেক পর বিকেল ৪টে নাগাদ ফের পুরোপথে পরিষেবা শুরু হয়।

Advertisement

মেট্রোরেল জানিয়েছে, শনিবার দুপুর ৩টে ০৯ মিনিট নাগাদ বেলগাছিয়া স্টেশনে ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা করেন যাত্রী। স্টেশনে স্টেশনে ঘোষণা করে এই খবর জানানো হয়। আত্মহত্যার চেষ্টার ঘটনার কারণে গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ-ডাউন দুই লাইনে মেট্রো চলে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন মেট্রো কর্তৃপক্ষ। শেষমেশ বিকেল ৪টে নাগাদ পুরোপথে মেট্রো চালু হয়।

শনিবার সকালে পরিষেবা শুরুর কিছুক্ষণের মধ্যেই কালীঘাট স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। লাইনে ঝাঁপ দেওয়ায় তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন কর্তৃপক্ষ। তার পরে মেট্রোকর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করেন। সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়।

Advertisement

ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) প্রায়ই কোনও না কোনও কারণে পরিষেবা ব্যাহত হওয়ার খবর মেলে। কখনও যান্ত্রিক গোলযোগ, আবার কখন আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটে। ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। ব্লু লাইনের স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম এবং মেট্রোর লাইনের মধ্যে কোনও পাঁচিল না থাকায় বরাবরই এই স্টেশনগুলি ঝুঁকিপূর্ণ। মেট্রো কর্তৃপক্ষ নানা ভাবে এ নিয়ে প্রচার চালান। তবে পরিস্থিতির তেমন পরিবর্তন ঘটেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement