Solo-Maxxing Trend

অন্যের কটাক্ষে পাত্তা নয়, সঙ্গীর খোঁজে না গিয়ে নিজেতেই মগ্ন নতুন প্রজন্ম, কারণ কিন্তু বেশ মজারও

কখনও প্রেমে দাগা পেয়ে, কখনও আবার জীবনে বিশেষ লক্ষ্য নিয়ে এগোনোর জন্যই অনেকে অকৃতদার থেকে যান। তবে নতুন প্রজন্ম একলা থাকতে চাইছে কোন কারণে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৭:৩৯
Share:

কেন একলা হতে চাইছে তরুণ প্রজন্ম? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জীবনে প্রেম থাকা না নিয়ে আর হা-হুতাশ নয়। ‘জীবনে এখনও কেউ এল না’-গোছের কটাক্ষে ভেঙে না পড়াও নয়, বরং নতুন প্রজন্ম বিশ্বাসী নতুন ভাবনায়। যেখানে প্রেম, ডেটিং, উপহারের আদান-প্রদান, বেড়ানো, সবই থাকবে, তবে নিজের সঙ্গে।

Advertisement

সমাজমাধ্যমে ‘ফাইবারম্যাক্সিং’, ‘লুক্‌সম্যাক্সিং’-এর পর এখন নয়া ভাবনা ‘সোলোম্যাক্সিং’। ‘ম্যাক্সিং’ বলতে জীবনের সর্বোচ্চতাকে বোঝানো হয়। যে কোনও ভাবনা বা ধারণা যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছোয়, তখন সেই ভাবনার সঙ্গে ‘ম্যাক্সিং’ শব্দটিকে জুড়ে দেওয়ার একটি প্রবণতা তৈরি হয়েছে সমাজমাধ্যমে। তারই ফল ‘সোলোম্যাক্সিং’।

কী এর মূল কথা?

Advertisement

একাকিত্ব নিয়ে কষ্ট পাওয়া নয়, সঙ্গী নেই বলে অন্যের কটাক্ষের উত্তর দেওয়াও নয়, বরং এই নতুন ধারা বলছে, নিজের সঙ্গ উদ্‌যাপনের কথা। ডেটিং-এর অভিজ্ঞতা সব সময়ে সুখকর হয় না, মনও ভাঙে। তা ছাড়া, প্রেম করতে গেলে খরচ-খরচাও যথেষ্ট।

তাই প্রেম-পিরিতির পথে না হেঁটে, ‘একলা আছি, ভাল আছি’ ভাবনাকেই সম্মান জানানোর কথা বলছে নয়া ধারা। এতে হা-হুতাশ নেই। বরং স্বেচ্ছায় একলা থাকার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে জেন‌ জ়ি।

সঙ্গী ছেড়ে একলা কেন?

২০২৫ সালে পিউ রিসার্চ সেন্টার আমরিকায় একটি সমীক্ষা চালায়। তাতেই দেখা গিয়েছে, ১৮-২৪ বছর বয়সিদের মধ্যে ৮৬ শতাংশ, ২৫-৩৯ বছর বয়সিদের মধ্যে ৪২ শতাংশই একলা জীবন বেছে নিচ্ছেন। ১৯৯০ সালে হওয়া সমীক্ষার তুলনায় বর্তমানে এক থাকার প্রবণতা বেড়েছে। কিন্তু কেন?

· তরুণ প্রজন্মের উত্তর বেশ অদ্ভুত। তারা খরচা বাঁচিয়ে ব্যাঙ্কে সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি করতে চাইছে। কারও কাছে আবার মনে হচ্ছে, সঙ্গীকে উপহার দেওয়া, ঘোরা-ফেরা, খাওয়াদাওয়া একেবারেই বাড়তি খরচ। দিনে দিনে যে ভাবে খরচ-খরচা বাড়ছে, তাতে অনেকেই চাইছেন উপার্জিত অর্থ শুধু নিজের জন্যই খরচ করতে। সমীক্ষায় উঠে এসেছে আমেরিকায় ডেটিং-এর জন্য বড় অঙ্কের খরচের কথা। সমীক্ষা বলছে, জেন জ়ির অনেকের কাছেই ডেটিং-এর ক্রমবর্ধমান খরচ চালানো মুশকিল হয়ে যাচ্ছে। শুধু আমেরিকা নয়, ভারতেও ডেটিং-এর খরচ ক্রমবর্ধমান। ভারতের যে কোনও বড় শহরেই একটি রেস্তরাঁয় দু’জনের খাওয়া খরচ মোটামুটি ২ হাজার টাকা। সিনেমা দেখা, পপকর্নের পিছনে খরচও প্রায় ১০০০ টাকা। আর যদি ঘোরাঘুরির পরিকল্পনা থাকে, সেই খরচ আরও বাড়ে।

· শুধু খরচ-খরচা নয়, প্রেম-পিরিতি করতে গিয়ে মন ভাঙার ঘটনাও নতুন নয়। মন দিয়ে ফেলার পরে সম্পর্ক যদি স্থায়ী না হয়, কিংবা আবেগ একতরফা হয়, সেখানেও কষ্ট আছে। প্রেমের চোট সারতেও সময় লাগে। সেই সব ঝক্কি এড়িয়ে, শান্তির জন্যই নিজেতে মগ্ন থাকতেই চাইছেন কেউ কেউ।

· কারও মতে, প্রেম বা সম্পর্কে জড়ানোর মানে হল নিজের সহজ সরল জীবনকে স্বেচ্ছায় জটিল করে তোলা। জীবনে বিশেষ মানুষ না থাকলে, নিজের দিকে বাড়তি মনোযোগ দেওয়া যায়। অনেকেই এই সময়টা নিজের কেরিয়ারে দিতে চাইছেন। কেউ চাইছেন অবসরে বন্ধুবান্ধবের সঙ্গে নির্ভেজাল আড্ডা। সম্পর্কের জটিলতার কথা ভেবে সরে আসতেও চাইছেন অনেকে।

কখন তা নিয়ে নতুন করে ভাবা দরকার

স্বেচ্ছায় একলা থাকা এক রকম, কিন্তু সম্পর্কের ভীতি এড়াতে একলা থাকার সিদ্ধান্ত সঠিক না-ও হতে পারে। প্রেম মানেই বিচ্ছেদের ভয়, এমন ভাবনাও সঠিক নয়। একলা থাকলে আত্মিক উন্নতি সম্ভব, জীবনে সঙ্গী থাকলে শান্তি নষ্ট হবে, এমন ধারণা মনে গেঁথে ফেলা অনুচিত। সম্পর্কে দায়বদ্ধতা নেওয়ার ভীতি থেকে এমন সিদ্ধান্ত নিলেও, তা ভুল পদক্ষেপ হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement