এনটি১ স্টুডিয়োয় আবীর চট্টোপাধ্যায়। অনীক দত্তের শেষ ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর নায়ক। পরিচালকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালেও এসেছিলেন নায়ক।
সকাল সাড়ে ১১টা থেকে এক ঘণ্টা অনীকের দেহ রাখা হয়েছিল তাঁর প্রথম কর্মস্থলে। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের খ্যাতনামীরা। প্রযোজক ফিরদৌসল হাসানের পাশে দাঁড়িয়ে পরিচালক-অভিনেতা সুদেষ্ণা রায়।
অনীক দত্তের ‘নট আ ডার্টি ফিল্ম’ ছবির নায়ক এসেছিলেন তাঁর পরিচালককে শেষ দেখা দেখতে। সাহেব ভট্টাচার্যের কালো পোশাকে এ দিন শোক যেন পরতে পরতে জড়িয়ে।
অনীক দত্ত আজীবন কট্টর বামপন্থী। এ দিন তাঁকে লাল গোলাপের তোড়া নিয়ে সম্মান জানাতে এসেছিলেন বাম দলের বর্ষীয়ান নেতা বিমান বসু।
অনীক দত্তের প্রিয় রবীন্দ্রসঙ্গীত ‘পুরানো সেই দিনের কথা’। উপস্থিত সবাইকে নিয়ে কন্যা ঐশী দত্ত সেই গানই শোনালেন সদ্যপ্রয়াত বাবাকে।
কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে সৌরসেনী মৈত্রকে। শোকের আর এক রং সাদা। শুক্রবার সেই রঙের পোশাকে দেখা গিয়েছে তাঁকে। স্টুডিয়ো থেকে তিনি পৌঁছে গিয়েছিলেন কেওড়াতলা মহাশ্মশানে।
শোকস্তব্ধ সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। রঙিন চশমায় ঢেকেছিল তাঁর ভেজা চোখ। সুজয় পরিচালককে শ্রদ্ধা জানিয়ে তাঁর পায়ে ফুলের তোড়া সাজিয়ে দেন।
এনটি১ স্টুডিয়োয় ফুলের তোড়া হাতে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ। মুখেচোখে শোকের ছায়া। শোকস্তব্ধ সৌরভ দাস এ দিন অনীকের শ্মশানবন্ধু। একই ভাবে শ্মশানে নীরবে দাঁড়িয়েছিলেন বড়পর্দার ‘অপরাজিত রায়’ জীতু কমল।
জিৎ সচরাচর কোথাও যান না। তিনি ব্যক্তিগত ভাবে শোক জানান। অনীক দত্তের কোনও ছবিতেও কাজ করেননি তিনি। কিন্তু এ দিন তিনি এসেছিলেন। তাঁর উপস্থিতি বিস্মিত করেছে টলিউডকে।
শোকাচ্ছন্ন মনামী ঘোষ। এ দিন তাঁকে উপস্থিত থাকতে দেখা যায় অনীক দত্তের শেষযাত্রায়।
গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। দিনচারেক আগে বেঙ্গালুরু থেকে শহরে ফিরেছেন। আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, ফেরার পরে তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছিল অনীকের। পরিচালকের সঙ্গে কথা বলে বোঝেননি এ রকম কিছু ঘটতে পারে।
এসেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। এ দিন তিনিও শোকস্তব্ধ। এর আগে একাধিক বার জানিয়েছেন, অনীক দত্তের সঙ্গে তাঁর পরিচালক স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের হৃদ্যতা ছিল।
বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। চৈতালি দাশগুপ্তকে তিনি এগিয়ে আসতে সহযোগিতা করছেন। বেশ কিছু ক্ষণ তিনি উপস্থিত ছিলেন টেকনিশিয়ান স্টুডিয়োতে।
নন্দনে অনীক দত্তকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। সঙ্গী রুদ্রনীল ঘোষ। শোক জানান পরিচালকের মৃত্যুতে।
বুধবার থেকে অনীক দত্তের ছায়াসঙ্গী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সদ্যপ্রয়াত পরিচালকের মৃত্যুর খবর জেনে তিনি ছুটে যান হাসপাতালে। শুক্রবার আবার তিনি অনীকের সঙ্গে নন্দন থেকে কেওড়াতলা মহাশ্মশানে।