প্রিয়ঙ্কা চোপড়ার জীবনের অনুপ্রেরণা মেয়ে মেরী। ছবি: সংগৃহীত।
বহু সাক্ষাৎকারেই অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জানিয়েছেন, পরিবার তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ। মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের জন্মের পরে সেই ভাবনা যেন আরও বেশি দৃঢ় হয়েছে। আর কিছু দিন পরেই মু্ক্তি পাবে তাঁর অভিনীত ‘ব্লাফ’ ছবিটি। এই চরিত্রটি তৈরির সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে রয়েছে তাঁর একরত্তি। সে কথাই ভাগ করে নিলেন নায়িকা।
এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা বলেন, “এই চরিত্রের জন্য যখন আমি প্রস্তুতি শুরু করি, তখন মেরি মাত্র দু’বছরের। যে কোনও চরিত্রে অভিনয়ের জন্য একটা অনুপ্রেরণা দরকার হয়। সেই প্রেরণা পেয়েছিলাম মেয়ের থেকে। আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে চার জন গুন্ডা। আর তাঁদের আপনি এমনি এমনি মারধর করছেন। সেটা তো কোনও ভাবেই আপানার মধ্যে সেই আগ্রহ তৈরি করবে না। শুটিংয়ের সময়ে তাই সমানে আমার মাথায় চলত, মালতীকে রক্ষা করতে হবে। আমার মেয়েকে কেউ ছুঁতে এলে তাঁকে কেটে রেখে দেব! সেই ভাবনা থেকেই এই চরিত্রকে গড়ে তুলেছিলাম আমি।”
মেয়ে হওয়ার পর থেকে নিজের মধ্যে এক অন্য ধরনের পরিবর্তন লক্ষ করছেন প্রিয়ঙ্কা। যার ছাপ দেখতে পাচ্ছেন চরিত্র এবং কাজ বাছাইয়ের ক্ষেত্রেও। অভিনেত্রী জানিয়েছেন, এই মুহূর্তে কোনও নতুন কাজে সই করার আগে বার বার দেখে নেন তা ব্যক্তি প্রিয়ঙ্কাকে কতটা সমৃদ্ধ করবে।