অভিনেতা রাজীব খন্ডেলবাল। ছবি: সংগৃহীত।
অভিনেতা রাজীব খন্ডেলবাল সম্প্রতি তাঁর জীবনের এক বেদনাদায়ক অধ্যায় নিয়ে মুখ খুললেন। আবেগঘন স্বীকারোক্তিতে তিনি জানান, এখনও নিজের মায়ের ক্যানসারের লড়াই নিয়ে অপরাধবোধে ভোগেন তিনি। কেন? সময়মতো মায়ের অসুস্থতার লক্ষণ বুঝতে না পারার জন্য নিজেকেই দায়ী করেন অভিনেতা।
সম্প্রতি এক রিয়্যালিটি শো-এ উপস্থিত হয়েছিলেন রাজীব। তাঁর মা ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত ছিলেন। ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতেই মৃত্যু হয় তাঁর। এই নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজীব। তিনি বলেন, “আমি নিজেকেই দোষ দিই। কারণ, যখন আমার মায়ের শরীরে ওই রোগের লক্ষণগুলো দেখা দিতে শুরু করেছিল, তখন আমি বুঝতেই পারিনি আসলে কী হচ্ছে।”
দেশের সমস্ত নারীর উদ্দেশে সতর্কবার্তাও দেন অভিনেতা। তাঁর কথায়, “আমি দেশের প্রত্যেক নারীকে অনুরোধ করব, যদি দীর্ঘ দিন ধরে পিঠে ব্যথা, খিদে কমে যাওয়া, পেট ফাঁপা, গ্যাসের সমস্যা বা এ ধরনের উপসর্গ দেখা দেয়, তা হলে অবশ্যই পরীক্ষা করিয়ে নিন। ফেলে রাখবেন না।” তিনি আরও বলেন, “ডিম্বাশয়ের ক্যানসার নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমি আমার মায়ের জন্য সেটা করতে পারিনি। কিন্তু, আপনারা অবশ্যই আপনাদের আশপাশের নারীদের নিয়ে সচেতন হতে পারেন এবং তাঁদের যত্ন নিতে পারেন।”
উল্লেখ্য, প্রায় দেড় বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পরে ২০১৮ সালে মাকে হারান রাজীব। সেই সময়ে সমাজমাধ্যমে আবেগঘন পোস্ট করে তিনি লিখেছিলেন, “আমার মা দেড় বছর ধরে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে প্রয়াত হয়েছেন। আমরা একসঙ্গে লড়েছি, একসঙ্গে আশা রেখেছি। কিন্তু, একসঙ্গে সেই লড়াই থেকে বেরিয়ে আসতে পারিনি। আমি এবং আমার পরিবার এখন ধীরে ধীরে এই সত্যিটা মেনে নিচ্ছি। মা এখন আমার মধ্যেই বেঁচে আছেন।”
প্রায় এক দশক পরে টেলিভিশনে প্রত্যাবর্তন করেছেন রাজীব। ‘কহীঁ তো হোগা’ ধারাবাহিকে অভিনয় করে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। পরে একাধিক ধারাবাহিক, সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন তিনি। ২০০৮ সালে ‘আমির’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি।