কোন সত্য সামনে আনতে চান রাজপাল? ছবি: সংগৃহীত।
৯ কোটি টাকার বিতর্কে এখনও জড়িয়ে রয়েছেন রাজপাল যাদব। জামিন পেয়ে তিহাড় জেল থেকে মুক্তি পান তিনি। কিন্তু মামলার এখনও নিষ্পত্তি হয়নি। তবে রাজপাল জানিয়েছেন, তিনি মিটমাট করবেন না।
দিল্লি হাই কোর্ট তাঁকে সাময়িক স্বস্তি দিয়েছিল। তাঁর অন্তর্বর্তীকালীন জামিন ১ এপ্রিল পর্যন্ত রয়েছে বলেও জানানো হয়েছিল আদালত থেকে। কিন্তু অভিনেতার দাবি, তিনি সমঝোতা করবেন না। তিনি লড়াই চালিয়ে যাবেন।
বুধবার শুনানির সময় দিল্লি হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, রাজপালকে ফের জেলে পাঠানোর প্রয়োজন দেখছে না আদালত। বিচারপতি বলেন, “আমি কোনও কারণ খুঁজে পাচ্ছি না। তিনি পালিয়ে যাচ্ছেন না, এখানেই উপস্থিত আছেন। কোথাও যাচ্ছেন না।” তাই আদালত তাঁকে আবার জেলে পাঠানোর সিদ্ধান্ত নেয়নি এবং তার জেলবাস স্থগিত রেখেছে।
শুনানির পর তার আইনজীবী এসকে শর্মা জানান, রাজপাল যাদব সমঝোতার পথে হাঁটবেন না। বরং আইনি যুক্তি দিয়ে লড়াই করবেন। আদালত যখন রাজপালকে জিজ্ঞাসা করে, তিনি কি বিষয়টি মিটমাট করতে চান? তখন তিনি স্পষ্ট ভাবে না বলে দেন।
আইনজীবী বলেন, “রাজপালজি বলেছেন, এখন তিনি আর সমঝোতা করতে চান না, তিনি যুক্তি দিয়ে লড়াই করতে চান। এর পর সেই অনুযায়ী আবেদন করা হয় এবং আদালত ১ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ দেয়।”
শুনানির পর রাজপাল যাদব বলেন, “পরবর্তী শুনানি ১ এপ্রিল। ভারতের বিচারব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। সত্যিটা সামনে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।” বিচারপতিও জানান, রাজপাল যাদব আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন এবং ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণ টাকা পরিশোধ করেছেন।
উল্লেখ্য, এই মামলার সূত্রপাত ২০১০ সালে। রাজপাল যাদব ‘অতা পতা লাপতা’ ছবির জন্য মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় বড় আর্থিক ক্ষতি হয় এবং সেখান থেকেই আইনি জটিলতার শুরু। ক্রমশ দেনার পরিমাণ ৯ কোটিতে পৌঁছোয় এবং তা পরিশোধ না করতে পারায় ফেব্রুয়ারি মাসে নিজেই আত্মসমর্পণ করেছিলেন রাজপাল।