২০০০ কোটি মূল্যের কাজের কথাও জানান রাজপাল! ছবি: সংগৃহীত।
৯ কোটি টাকার ঋণ শোধ না করতে পারায় তিহাড় জেলে আত্মসমর্পণ করেছিলেন রাজপাল যাদব। সেখানেই কয়েক দিন ঠাঁই হয়েছিল তাঁর। কিন্তু তিহাড় থেকে বেরোনোর পরে, এ বার তিনি দাবি করলেন, তাঁর হাতে ১০০০ কোটি টাকার কাজ রয়েছে।
শনিবার একটি সাংবাদিক সম্মেলনে রাজপাল যাদব নিজের আসন্ন কাজ নিয়ে কথা বলেন। আগামিদিনে তাঁর হাতে ১০টি ছবির কাজ রয়েছে বলে জানান অভিনেতা। রাজপাল তাঁর আইনজীবী ভাস্কর উপাধ্যায়কে সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। আলোচনার সময় অভিনেতা তাঁর আইনি লড়াই, আসন্ন কাজের পরিকল্পনা এবং গত এক দশকে শেখা অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেন। তিনি জানান, আগামী সাত বছরে তাঁর একাধিক ছবির কাজ রয়েছে। হিসাব অনুযায়ী, ১০০০ কোটিরও বেশি কাজ রয়েছে তাঁর কাছে। ১০টি ছবির চুক্তিতে সই করে ফেলেছেন।
ছবি ছাড়াও ব্র্যান্ড-সংক্রান্ত কাজও রয়েছে তাঁর হাতে। তার মধ্যে চারটি কাজের চুক্তি হয়ে গিয়েছে। এই কাজগুলিও বড় অঙ্কের। কিছু কাজ ২০০ কোটির, কিছু আবার ২০০০ কোটির। জানান রাজপাল।
নতুন আরও একটি কাজ শুরু করেছেন রাজপাল। তিনি বললেন, “অনেক দিন ধরে পরিকল্পনা করছিলাম। অবশেষে নিজের নতুন কাজ শুরু করছি। একটি ইউটিউব চ্যানেল খুলছি। যার মাধ্যমে নানা ধরনের কনটেন্ট দেখতে পাবেন সবাই। ছোট-বড় সবাই উপভোগ করবেন। সবাই আমার নতুন যাত্রার জন্য প্রার্থনা করবেন।”
রাজপালের নতুন কাজ নিয়ে নানা জনের অবশ্য নানা মত। দর্শকের একাংশের মন্তব্য, আগে অভিনেতার সব ঋণ শোধ করা উচিত। আবার একাংশের মতে, এই কাজের মাধ্যমে যা রোজগার হবে, তা দিয়ে প্রথমেই ঋণশোধ করা উচিত।