Ram charan

যমজ সন্তানের প্রথম ঝলক প্রকাশ্যে! পুত্র ও কন্যাসন্তান নিয়ে কী বার্তা দিলেন রাম চরণের স্ত্রী উপাসনা?

চলতি বছরের ৩১ জানুয়ারি তাঁরা দ্বিতীয় বার বাবা-মা হয়েছেন। এ বার তাঁদের যমজ সন্তান হয়। এক কন্যা ও এক পুত্রের জন্ম দেন রাম চরণ ও উপাসনা কোনিডেলা। পরিবারে যমজ সন্তানের আগমনের সুখবর দিয়েছিলেন দাদু চিরঞ্জীবী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৫:১১
Share:

রাম চরণ ও উপাসনার যমজ সন্তানের ঝলক প্রকাশ্যে! ছবি: সংগৃহীত।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘পিদ্দী’র সাফল্যে ভাসছেন তেলুগু তারকা রাম চরণ। এরই মধ্যে ১৪ জুন স্ত্রী উপাসনা কোনিডেলার সঙ্গে ১৪তম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেন তিনি। এই বিশেষ উদ্‌যাপনের মাঝেই দম্পতি তাঁদের সদ্যোজাত যমজ সন্তানের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন।

Advertisement

চলতি বছরের ৩১ জানুয়ারি তাঁরা দ্বিতীয় বার বাবা-মা হয়েছেন। এ বার তাঁদের যমজ সন্তান হয়। এক কন্যা ও এক পুত্রের জন্ম দেন তারকাদম্পতি। পরিবারে যমজ সন্তানের আগমনের সুখবর দিয়েছিলেন দাদু চিরঞ্জীবী। সেই দুই সন্তানের একজোড়া কোমল হাতের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন রাম চরণ ও উপাসনা। সেই ছবিতে রয়েছে বড় মেয়ের ঝলকও।

তিন সন্তানেরই ছোট্ট ছোট্ট হাতের একটি ছবি সমাজমাধ্যমে অনুরাগীদের জন্য তুলে ধরেন তাঁরা। সেই পোস্টের মাধ্যমেই প্রথম বার প্রকাশ্যে আসে তাঁদের সদ্যোজাত যমজ সন্তান শিব রাম এবং অনবিরার ঝলক। সদ্যোজাতদের প্রথম ঝলক দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। বড় মেয়ে ক্লারা কোনিডেলার হাতও দেখা যাচ্ছে সেই ছবিতেই। ছবির সঙ্গে উপাসনা লেখেন, “আমার মন সত্যিই ভরে রয়েছে।” এই পোস্টের মন্তব্য বিভাগেই ভালবাসা উজাড় করে দেন বিনোদনজগতের অন্য তারকারা। অভিনেত্রী কাজল অগ্রবাল এবং হুমা কুরৈশীও শুভেচ্ছা জানান।

Advertisement

সন্তানদের ঝলক। ছবি: সংগৃহীত।

রাম চরণ এবং উপাসনার বড়মেয়ে ক্লিন কারা কোনিডেলার জন্ম হয় ২০২৩ সালের জুন মাসে। চলতি বছরের শুরুতে তাঁরা যমজ সন্তানের জন্ম দেন। দীর্ঘ দিনের বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রাম চরণ এবং উপাসনা। ২০১১ সালের ডিসেম্বর মাসে তাঁদের বাগ্‌দান হয়েছিল এবং ২০১২ সালের জুন মাসে তাঁরা চারহাত এক করেন। এর পর থেকে তাঁরা তেলুগু চলচ্চিত্রজগতের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসাবেই পরিচিত।

২০২৫ সালের দীপাবলির সময়ে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে অনুরাগীদের চমকে দিয়েছিলেন উপাসনা। তিনি সমাজমাঝ্যমে লিখেছিলেন, “এ বারের দীপাবলি ছিল দ্বিগুণ উদ্‌যাপন, দ্বিগুণ ভালবাসার এবং দ্বিগুণ আশীর্বাদের। কৃতজ্ঞ বোধ করছি। খুব শীঘ্রই জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি।” এর পর থেকেই অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। শোনা যায়, জ্যোতিষ মেনে সন্তানদের জন্ম ক্ষণ ঠিক করেছিলেন। সন্তান জন্ম দেওয়ার পরে উপাসনা বলেছিলেন, “ভালবাসা, শুভেচ্ছা আমাদের ঘিরে রয়েছে। সেই জন্য আমরা কৃতজ্ঞ। হাতজোড় করে আমি রাম চরণের ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আমি জানি, মন থেকেই আপনারা ভালবাসেন। আমরা নিশ্চিত, আমাদের সন্তানদের আপনারা সব সময় ভালবাসবেন এবং রক্ষা করবেন। যাঁরাই আমাদের জন্য প্রার্থনা করেছিলেন, তাঁদের সকলকে আমরা মনে রাখব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement