‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকের শেষ দিনের শুটিং প্রসঙ্গে কী বললেন ধারাবাহিকের নায়ক? ছবি: সংগৃহীত।
গত দু’বছরে টেলিপাড়ায় ধারাবাহিকের গল্প বলার ধরন বদলেছে। একটা সময়ে এমনও হয়েছে যে, কোনও এক কাহিনি হয়তো সম্প্রচারিত হয়েছে টানা চার-পাঁচ বছর। কিন্তু এখন সেই ধারা বদলেছে। ফলে তিন মাসে ধারাবাহিক বন্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। সবটাই অবশ্য নির্ভর করছে টিআরপি-র উপরে। তবে টিআরপি প্রতিযোগিতায় প্রথম পাঁচে থাকা সত্ত্বেও কেন শেষ করে দেওয়া হল ‘রাঙামতি তীরন্দাজ’?
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু হয়। প্রায় দেড় বছরের যাত্রা। সম্প্রচারের প্রথম তিন সপ্তাহ সে ভাবে ভাল ফল করতে না পারলেও তার পরে প্রথম পাঁচে জায়গা করে নেয় এই ধারাবাহিক। অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়কে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখেছে দর্শক।
অভিনেতা বললেন, “একটানা কাজ করতে গিয়ে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমরা। ফলে শেষ দিনের শুটিংয়ে সত্যিই মনখারাপ হয়েছে। কিন্তু এটা ঠিক, আমাদের গল্পে আর কিছু বলার ছিল না বলে আমার মনে হয়েছে। সত্যিই আমাদের কাহিনি সম্পূর্ণ হয়েছে। আর তা ছাড়া সুশান্তদা (দাস, প্রযোজক) এত ভাল লেখেন। আমার মনে হয় একদম সঠিক জায়গায় শেষ হচ্ছে আমাদের গল্প।”
নীলাঙ্কুর এখনই নতুন কোনও কাজ শুরু করছেন না। নিজেকে কিছুটা সময় দিতে চান। তার পর আবার নতুন কাজে মন দিতে চান। এখনও শেষ দিনের সম্প্রচার হয়নি। শীঘ্রই ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে। অভিনেতা জানিয়েছেন, তাই কাহিনির শেষের দৃশ্যেও তেমনই চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। এই কাহিনির মাধ্যমে আবার নতুন করে দেখা যাচ্ছিল অভিনেত্রী সমু সরকারকে। অভিনেতাদের নতুন ভাবে দেখার অপেক্ষায় সবাই।