অভুক্ত অনুরাগীর জন্য কী করেন শাহরুখ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সর্বত্র তাঁর জয়জয়কার। অভিনয় থেকে ব্যক্তিত্ব, তাঁর বহু গুণের অসংখ্য অনুরাগী। বিখ্যাত তারকা হওয়ার পাশাপাশি মানুষ হিসাবেও বার বার মুগ্ধ করেছেন শাহরুখ খান। পথে অভুক্ত মানুষের মুখে খাবারও তুলে দিয়েছেন। তেমনই এক মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়ল দিকে দিকে।
বেশ কয়েক বছর আগের ঘটনা। এক অনুষ্ঠান থেকে বেরোচ্ছিলেন শাহরুখ খান। তাঁর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন অসংখ্য মানুষ। তাঁদের মধ্যেই ছিলেন এক অভুক্ত ও গৃহহীন অনুরাগী। ভিডিয়োয় দেখা গিয়েছে, রক্ষীবেষ্টিত হয়ে অনুষ্ঠান থেকে বেরিয়ে আসছেন শাহরুখ। সঙ্গে ছিলেন তাঁর দেহরক্ষী রবি। অনুষ্ঠানস্থলের বাইরে শাহরুখের জন্য অপেক্ষা করেছিলেন সেই অনুরাগী। বলি তারকা বেরিয়ে আসতেই তিনি বলেন, “শাহরুখ ভাই, আপনার জন্যই অপেক্ষা করছিলাম।” এর পরেই সেই অনুরাগী জানান, তিনি কিছু খাননি। খাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। গাড়িতে ওঠার আগে সেই অভুক্ত অনুরাগীর মাথায় স্নেহের পরশ রাখেন শাহরুখ। তার পরেই তাঁর খাওয়াদাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন দেহরক্ষীকে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা অবশ্য সেই অনুরাগীকে সরানোর চেষ্টা করছিলেন। কিন্তু শাহরুখ নিশ্চিত করেন, অনুরাগীর মুখে যেন খাবার ওঠে। পুরনো সেই মুহূর্তের ভিডিয়ো ফের নতুন করে ছড়িয়ে পড়তেই অনুরাগীরাও আবার শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ। এক অনুরাগীর কথায়, “এই জন্যই তিনি কিং খান। সত্যিই শাহরুখ সকলের চেয়ে আলাদা।” আর এক অনুরাগী বলেন, “নিন্দকেরা যা-ই বলুন না কেন, শাহরুখের প্রতি ভালবাসা কমবে না।”
উল্লেখ্য, ২০২৩-এ শাহরুখের পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছিল— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাংকি’। আসন্ন দিনে তাঁকে দেখা যাবে ‘কিং’ ছবিতে।