Shilpa Shinde

‘ছোট পোশাক পরে ধূমপান মানেই নারীবাদ নয়’, যৌন হেনস্থার মিথ্যা অভিযোগের পরে ফের বিতর্কে শিল্পা

শিল্পা জানান, শুধু আধুনিক ভাবে নিজেদের দেখানোর জন্য মহিলাদের ধূমপান করেন, যা তাঁর একেবারেই ভাল লাগে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৯:৩৪
Share:

নারীবাদ নিয়ে শিল্পার মন্তব্যে বিতর্ক! ছবি: সংগৃহীত।

বার বার বিতর্কে উঠে আসছে শিল্পা শিন্দের নাম। কিছু দিন আগেই খবর ছড়ায়, তিনি নাকি এক সময়ে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ এনেছিলেন। নিজেই জানিয়েছিলেন শিল্পা। এ বার নারীবাদ নিয়ে কথা বললেন ছোটপর্দার ‘অঙ্গুরি ভাবি’।

Advertisement

সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, প্রকৃত ক্ষমতায়ন আসে আত্মবিশ্বাস, মূল্যবোধ এবং নিজের সম্পর্কে সচেতনতা থেকে। শুধু ধূমপান করা বা শরীরী সৌন্দর্য প্রকাশ করে পোশাক পরাকেই আধুনিকতা বা সাহসিকতা বলা যায় না। শিল্পার এই মন্তব্যে ফের বিতর্ক শুরু হয়েছে। তিনি এ-ও জানান, কিছু ক্ষেত্রে নিজেকে একটু রক্ষণশীল মনে করেন। তাঁর চোখে, শুধু আধুনিক ভাবে নিজেদের দেখানোর জন্য মহিলাদের ধূমপান করেন, যা তাঁর একেবারেই ভাল লাগে না।

শিল্পা বলেন, “সত্যি বলতে, আমি কিছু বিষয়ে একটু রক্ষণশীল। খুব খোলাখুলি বলছি, আমি মহিলাদের ধূমপান করা পছন্দ করি না। এটা আমার ব্যক্তিগত মতামত। সেই কারণেই আমি বলি, কিছু দিক থেকে আমি একটু বেশিই রক্ষণশীল।” তিনি স্পষ্ট করে জানান, ধূমপান করা, মদ্যপান করা বা বিশেষ ধরনের পোশাক পরার সঙ্গে তিনি সাহসিকতা বা নারীদের অগ্রগতির সঙ্গে মেলান না। অভিনেত্রীর কথায়, “সাহসিকতা আলাদা বিষয়। কেউ ধূমপান করছে, মদ খাচ্ছে বা বিশেষ ধরনের পোশাক পরছে, তার মানে এই নয় যে, সে সাহসী। সাহসিকতার অর্থ এটা নয়।”

Advertisement

এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন অভিনেত্রী পরবীন দস্তুরও। তিনি বলেন, “আমি এমন অনেক তরুণীকে দেখেছি, যারা সালোয়ার কামিজ় পরে পানে দোকানে দাঁড়িয়ে ধূমপান করে। খুবই কম বয়সি মেয়েদের দেখেছি।”

পরবীনের এই কথার সঙ্গে সহমত হয়ে শিল্পা জানান যে, পোশাক এবং মানসিকতা একেবারেই আলাদা বিষয়। তিনি বলেন, “এক জন মহিলার নিজেকে চেনা উচিত। নিজের মূল্যবোধ এবং পরিচয় সম্পর্কে সচেতন থাকা উচিত। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক মেয়েই মনে করে, ছোট বা বিশেষ ধরনের পোশাক পরলেই তাদের বেশি সাহসী দেখতে লাগবে। কিন্তু বিষয়টা এমন নয়। তুমি শাড়ি পরো বা আধুনিক পোশাক পরো, সেটা তোমার ইচ্ছা। তোমার পোশাক তোমার মানসিকতা ঠিক করে দেয় না।” শিল্পা সব শেষে জানান, তাঁর কাছে নারীবাদের অর্থ হল নিজের মূল্যবোধকে বজায় রাখা। শিল্পার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় আলোচনা শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement