Tollywood Gossip

বলিউডে জমি পাকা করতে মরিয়া? বাংলার পরিচালকেরা অতীত, নায়িকার নাকি মন মজেছে প্রভাবশালী ব্যবসায়ীতে

টলিপাড়ায় নায়িকার সঙ্গে অনেক পরিচালকের সম্পর্ক নিয়েই আলোচনা হয়েছে। কখনও কেউ বলেছেন, শুধুই কাজের জন্য এই বন্ধুত্ব। আবার অনেকে সেই সম্পর্ককে ‘প্রেম’ আখ্যা দেওয়ার চেষ্টাও করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৩:৩০
Share:

বলিউডের জমি পাকা করতে কী করছেন নায়িকা? ছবি: সংগৃহীত।

শহর কলকাতা ছাড়িয়ে নায়িকার পরিধি এখন অনেকটাই বেড়েছে। ও পার বাংলাতেও বেশ আলোচিত মুখ স্টুডিয়োপাড়ার এই নায়িকা। ছিপছিপে চেহারা, ভালই উচ্চতা, তাঁর হাসি নিয়ে টলিপাড়ার অন্দরে রীতিমতো আলোচনা হয়। প্রথম ছবিতেই দর্শকের নজরে আসেন নায়িকা। তার পরে অবশ্য তেমন বক্সঅফিস সফল ছবিতে দেখা যায়নি। এখন শোনা যাচ্ছে, নায়িকা মুম্বইয়ে নিজের জমি শক্ত করতে মরিয়া। তাই কঠিন থেকে সহজ — যে কোনও পথ নিতেই নাকি রাজি অভিনেত্রী।

Advertisement

টলিপাড়ায় সেই নায়িকার সঙ্গে অনেক পরিচালকের সম্পর্ক নিয়েই আলোচনা হয়েছে। কখনও কেউ বলেছেন, শুধুই কাজের জন্য এই বন্ধুত্ব। আবার অনেকে সেই সম্পর্ককে ‘প্রেম’ আখ্যা দেওয়ার চেষ্টাও করেছেন। শোনা যাচ্ছে, এই সব কিছু অতীত। নায়িকা এখন নাকি মুম্বইয়ে নিজের জায়গা পাকা করতে উঠে পড়ে লেগেছেন। ইদানীং মুম্বইয়ের বেশ কিছু আলোচিত নায়ক-নায়িকার সঙ্গে ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। তাতেই অনেকে ধরে নিয়েছেন যে, অভিনেত্রী বুঝি হিন্দি ছবিতে কাজ করছেন।

সূত্র বলছে, নতুন কাজ শুরু না করলেও ইতিমধ্যেই বলিপাড়ার অন্দরে ঘোরাফেরা করছে তাঁর নাম। ঘনিষ্ঠবৃত্তের বিভিন্ন পার্টিতেও নাকি মাঝেমাঝেই চলে যাচ্ছেন নায়িকা। কলকাতার থেকে মুম্বইয়েই তাই বেশি সময় কাটাচ্ছেন তিনি। বলিউড-ঘনিষ্ঠ কোনও এক প্রভাবশালী ব্যবসায়ীর সঙ্গে নায়িকার সম্পর্ক নিয়ে নাকি বিভিন্ন মহলে আলোচনাও হচ্ছে। তবে প্রকাশ্যে এই বিষয়ে কথা বলতে কেউই রাজি নন। নায়িকাও নাকি এখন ফোনে অধরা। তাঁকে হাতের নাগালে পাওয়া নাকি এখন খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে ব্যবসায়ীর সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়াতেই কলকাতার অনেকেরই নাকি মন ভেঙেছে। তা হলে কি এ বার বাংলা ছেড়ে হিন্দি ছবির দৌড়ে নাম লেখাবেন অভিনেত্রী? সেই প্রশ্ন ঘোরাফেরা করছে নানা মহলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement