Sunidhi Kolkata Concert

‘সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিলেন সুনিধি চৌহান, কেন বাতিল হল কলকাতার অনুষ্ঠান?

গত বছর ২৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় নিজের ‘আই অ্যাম হোম’ সঙ্গীতসফর শুরু করেছেন সুনিধি। আগামী শনিবার, ১৪ মার্চ কলকাতায় সুনিধির অনুষ্ঠানের ঘোষণা হয়েছে বেশ কয়েক মাস আগেই। কলকাতায় অনুষ্ঠানের মাধ্যমেই এ বারের সফর শেষ করার কথা ছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১২:৪১
Share:

বাতিল হল সুনিধির কলকাতার অনুষ্ঠান। ছবি: সংগৃহীত।

দিনকয়েক আগেই মঞ্চে গান গাইতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন সুনিধি চৌহান! গত বছর ২৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় নিজের ‘আই অ্যাম হোম’ সঙ্গীতসফর শুরু করেছেন সুনিধি। পর পর অনুষ্ঠানের মাঝেই গলায় সমস্যা শুরু হয় তাঁর। শেষ অনুষ্ঠানে গান গাইতে গিয়ে গলা ধরে আসে। কেঁদে ফেলেন মঞ্চে দাঁড়িয়েই। তাই আগামী ১৪ মার্চ কলকাতার অনুষ্ঠান বাতিল করলেন গায়িকা।

Advertisement

লখনউয়ের অনুষ্ঠানের দিনই সুনিধি জানান, তাঁর কণ্ঠের অবস্থা একেবারেই ভাল নয়। গান গাইতে গাইতে হঠাৎই গায়িকা বলেন, “আমার গলার অবস্থা সাংঘাতিক খারাপ। কিন্তু আমি জানি, আপনারা আমার সঙ্গে রয়েছেন। আমিও গান গেয়ে যেতে চাই।” বলতে বলতেই গলা ধরে আসে সুনিধির। চোখে জল নিয়ে তিনি বলেন, “হে ঈশ্বর, আগে আমার সঙ্গে এমন কখনও হয়নি। খুব অস্বস্তিকর। আমি দুঃখিত।’’ আগামী শনিবার, ১৪ মার্চ কলকাতায় সুনিধির অনুষ্ঠানের ঘোষণা হয়েছে বেশ কয়েক মাস আগেই। কলকাতায় অনুষ্ঠানের মাধ্যমেই এ বারের সফর শেষ করার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই গলায় সমস্যা। লখনউয়ের ঘটনার পরে কলকাতার অনুষ্ঠান বাতিল করলেন তিনি।

সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে সুনিধি লেখেন, ‘‘সমাজমাধ্যমে লখনউয়ের অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিয়ো ঘুরছে। আমি ঘন ঘন গলার সংক্রমণে ভুগছি। চিকিৎসকের পরামর্শে আমি এখন গলাকে সম্পূর্ণ বিশ্রাম দিচ্ছি। এমন অবস্থায় সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিতে হল। আমি ১৪ মার্চের অনুষ্ঠানটার দিন বদল করতে বাধ্য হচ্ছি। যাতে আমরা ভাল করে আপনাদের সামনে পারর্ফম করতে পারি।’’ সুনিধি জানিয়েছেন, তাঁর এই অনুষ্ঠানের তারিখ বদলে আগামী ২৫ মার্চ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই ১৪ মার্চের অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন, তাঁরা একই টিকিটে ২৫ মার্চও অনুষ্ঠান দেখতে পারবেন, জানিয়েছেন গায়িকা নিজেই। অনুষ্ঠানের স্থানও একই থাকছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement