স্বরূপ বিশ্বাস। —ফাইল চিত্র।
বৃহস্পতিবার রাতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। রাত ৯টা নাগাদ তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় নিউ আলিপুর থানায়। সূত্রের খবর এক মহিলার সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এর পাশাপাশি ভয় দেখিয়ে, পরোক্ষ ভাবে লোক দিয়ে মারধরের অভিযোগও রয়েছে। প্রভাব খাটিয়ে তোলা চাওয়ারও একাধিক অভিযোগ উঠে এসেছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে।
স্বরূপের গ্রেফতারির খবর পেয়ে রাতেই থানার সামনে জড়ো হন এলাকার মানুষ। স্বরূপের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে জমে থাকা নিজেদের ক্ষোভ উগরে দেন তাঁরা। কেউ অভিযোগ করেন ভয় দেখানোর, কেউ বা পরিবারের সদস্যকে মারধরের অভিযোগ তোলেন। স্বরূপকে গ্রেফতার করার পর নিউ আলিপুর থানা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় তাঁকে দেখে ‘চোর চোর’ স্লোগান ওঠে। এলাকার লোকজন বিক্ষোভে ফেটে পড়েন। কয়েকজনের অভিযোগ, এলাকায় নতুন ফ্ল্যাট তুলতে গেলেই মোটা অঙ্কের টাকা দাবি করতেন দুই ভাই। স্বরূপের গ্রেফতারির খবর পেয়ে স্থানীয় এক ব্যক্তি এক ক্রেট ডিম নিয়ে হাজির হন থানার সামনে। মজা করেই জানান, খারাপ মানুষের জন্য ভাল ডিম উপহার দিতে এসেছেন তিনি।
টলিপাড়ায় টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আগেই শোনা গিয়েছিল স্বরূপের বিরুদ্ধে। এ ছাড়াও কাজ না দেওয়া এবং ব্যান কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন শিল্পীদের অনেকেই। তবে এই খবরে খানিক স্বস্তি মিলেছে টলিপাড়ায়। সূত্রের খবর, লালবাজার এর সেন্ট্রাল লক আপে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। শুক্রবার সকালে আদালতে তোলা হতে পারে তাঁকে।