শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।
ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আয়ার। আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ়ের দল ঘোষণার সময় শ্রেয়সের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। আইপিএল মাতানো বৈভব সূর্যবংশীকেও দলে রাখা হবে বলে শোনা গিয়েছে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স এবং পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত।
শনিবার আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজ়ের দল ঘোষণা হবে। বিশ্বকাপ জেতার পর যা ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ়। তার আগে ‘ক্রিকইনফো’ এই খবর জানিয়েছে। অধিনায়কত্ব ধরে রাখা তো দূর, সূর্যকুমার যাদবকে দল থেকেই পুরোপুরি বাদ দেওয়া হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএলের খারাপ ফর্মের কারণে সূর্যের বিদায় একপ্রকার নিশ্চিত ছিলই। নির্বাচকেরাও তাতে সায় দিয়েছেন।
শ্রেয়সের বয়স ৩১। ফিট থাকলে অনায়াসে আরও পাঁচ-ছ’বছর খেলতে পারবেন। দীর্ঘমেয়াদী ভাবনার কারণেই তাঁকে দলে নেওয়া হয়েছে। তবে ২০২৩-এর ডিসেম্বরে শেষ বার টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি। সাম্প্রতিক কালে বার বার প্রশ্ন উঠেছে, কেন আইপিএলে ভাল খেলা সত্ত্বেও তাঁকে টি-টোয়েন্টি দলে নেওয়া হচ্ছে না। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেও চোটের কারণে খেলতে পারেননি। এ বার শ্রেয়স দলে ফিরছেন একেবারে অধিনায়ক হয়ে।
অধিনায়কত্বের ব্যাপারে শ্রেয়সের অভিজ্ঞতা নিয়ে সংশয় নেই। ২০২৪-এ কলকাতাকে চ্যাম্পিয়ন করেছেন। এ ছাড়া ২০২০-তে দিল্লিকে এবং ২০২৫-এ পঞ্জাবকে ফাইনালে তুলেছেন। গত বছরের আইপিএলে ৬০৪ রান করেছেন ১৭৫.০৭ স্ট্রাইক রেটে। এ বছর ৪৯৮ রান করেছেন ১৬৮.৮১ স্ট্রাইক রেটে।
দলকে আইসিসি ট্রফি দেওয়া সত্ত্বেও অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া, ভারতীয় ক্রিকেটে পর পর দু’বছর দেখা গেল এই ঘটনা। গত বছর রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও পরের সিরিজ়েই অধিনায়ক করা হয় শুভমন গিলকে। এ বার সূর্যকুমারের ক্ষেত্রেও একই জিনিস দেখা গেল। তবে রোহিত এক দিনের দলে থাকলেও সূর্যকুমার দল থেকেই বাদ পড়ছেন।
এ দিকে, ১৫ বছরের সূর্যবংশী ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তরুণতম ক্রিকেটার হতে চলেছে। এ বারের আইপিএলে ৭৭৬ রান করে কমলা টুপি জিতেছে সে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ত্রিদেশীয় সিরিজ়ে ভারত এ দলেও সুযোগ পেয়েছে সে।