India vs Afghanistan

টেস্টে তিন নম্বর জায়গা নিয়ে বিতর্ক দূর করতে চায় ভারত, আফগানিস্তান ম্যাচে অভিষেক হতে পারে বোলারের, ফিট সিরাজ

চেতেশ্বর পুজারা অবসর নেওয়ার পর থেকে টেস্ট দলের তিন নম্বর স্থান বিতর্কের বিষয় হয়ে উঠেছে। সেই বিতর্ক এ বার মেটাতে চায় দল। রায়ান টেন দুশখাতে ইঙ্গিত দিয়েছেন, আফগানিস্তান ম্যাচে নতুন বোলারের অভিষেকের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৮:০৬
Share:

ফটোশ্যুটে শুভমন গিল। ছবি: সমাজমাধ্যম।

চেতেশ্বর পুজারা অবসর নেওয়ার পর থেকে টেস্ট দলের তিন নম্বর স্থান বিতর্কের বিষয় হয়ে উঠেছে। একাধিক ক্রিকেটারকে সেই জায়গায় ব্যবহার করা হলেও জায়গা পোক্ত করতে পারেননি কেউই। সেই বিতর্ক এ বার মেটাতে চায় দল। আফগানিস্তান টেস্টের দু’দিন আগে সহকারি কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, ভবিষ্যতে সাই সুদর্শন অথবা দেবদত্ত পডিক্কলকেই ওই জায়গায় খেলানো হবে। দুশখাতে ইঙ্গিত দিয়েছেন আফগানিস্তান ম্যাচে নতুন বোলারের অভিষেকের।

Advertisement

পুজারা অবসর নেওয়ার পর শুভমন, পডিক্কল, সুদর্শন, করুণ নায়ার, ওয়াশিংটন সুন্দরকে তিনে খেলানো হয়েছে। সুদর্শন ছ’টি টেস্ট খেললেও গড় মাত্র ২৭। ইংল্যান্ডে চরম ব্যর্থ।

এ দিন সাংবাদিক বৈঠকে দুশখাতে বলেন, “তিন নম্বরে অনেক বদল হয়েছে। এটা ঠিক নয়। ওই জায়গার জন্য যে কোনও একজনকে বেছে নিয়ে তাঁকেই ধরে রাখা দরকার।”

Advertisement

অনুশীলনে সুদর্শন এবং পডিক্কল দু’জনকেই অনেকটা সময় ব্যাট করতে দেখা গিয়েছে। তবে কে খেলবেন তার ইঙ্গিত দেননি দুশখাতে। ফিল্ডিংয়ের সময় পডিক্কল দাঁড়িয়েছিলেন স্লিপে। মনে করা হচ্ছে, তিনিই এগিয়ে।

দুশখাতে বলেছেন, “তিনে ব্যাট করা বেশ শক্ত। খুব গুরুত্বপূর্ণ জায়গা। ঘরোয়া ক্রিকেটে দেবের অনেক রান রয়েছে সব ফরম্যাটেই। সাই আইপিএলে গুজরাতের হয়ে রান পেয়েছে। ফলে দু’জনেই ফর্মে রয়েছে।”

দুশখাতের সংযোজন, “যে-ই খেলুক না কেন তাকে সময় দেওয়া হবে। আমরা এখন একটা টেস্ট খেলে দু’মাস আর খেলব না। তার পর দুটো টেস্ট খেলে আবার কিছু দিনের বিরতি। এই ব্যাপারটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে।”

আড়াই মাস আইপিএল খেলার পর মহম্মদ সিরাজকে খেলানো হবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তা দূর করে দুশখাতে বলেছেন, “সিরাজ গত কাল বল করেছে। দারুণ লাগছে ওকে দেখে।”

আফগানিস্তান টেস্টে দলে নেওয়া হয়েছে নবাগত মানব সুতার এবং হর্ষ দুবেকে। দু’জনের একজন আফগানিস্তান ম্যাচে খেলতে পারেন। অনুশীলনে সুতারকে বেশি উজ্জীবিত লেগেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর শতরানও রয়েছে।

দুশখাতে বলেছেন, “দু’জনের একসঙ্গে খেলার সম্ভাবনা বেশ কম। তবে এখনও দল বাছাই করা হয়। কুলদীপ এবং ওয়াশিংটন খেলবেই। এ ছাড়া ওদের দু’জনের একজন খেলবে।”

উঠে আসে ঋষভ পন্থ এবং আইপিএলে তাঁর ব্যর্থতার প্রসঙ্গও। দুশখাতে পাশে দাঁড়িয়েছেন উইকেটকিপারের। বলেছেন, “নেতা হওয়ার জন্য ট্রফি লাগে না। এই নতুন দলে ঋষভ নিজের ভূমিকাটা জানে। বাকিদের কাছে আদর্শ এবং অভিজ্ঞ ক্রিকেটার হিসাবে নিজের দায়িত্ব পালন করতে তৈরি ও।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement