Anirban on social media

‘একেনবাবু’-র সমাজমাধ্যমের পাতা থেকে ক্রমাগত রাজনৈতিক পোস্ট, জানতে পেরে কী করলেন অভিনেতা?

বৃহস্পতিবার বিষয়টি নজরে আসে অনির্বাণ চক্রবর্তীর। এর পরই সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ২০:০৮
Share:

একেনবাবুকে নিয়ে বিপাকে অনির্বাণ ছবি: সংগৃহীত।

একেনবাবুকে নিয়ে বিপাকে অনির্বাণ চক্রবর্তী। তাঁর অভিনীত চরিত্রের ছবি দিয়ে কোনও এক নেটাগরিক ভুয়ো প্রোফাইল খুলেছেন সমাজমাধ্যমে। সেই প্রোফাইল ছবিতে রয়েছে অনির্বাণ চক্রবর্তী অভিনীত একেনবাবু চরিত্রের একটি ছবি। আবার সেই পেজ থেকেই ক্রমাগত মিম পোস্ট করা হচ্ছে, যা সম্পূর্ণ রাজনৈতিক। এ বিষয়টি বৃহস্পতিবার নজরে আসে অনির্বাণ চক্রবর্তীর। এর পরই সকলকে সতর্ক করতেই সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ‘‘প্রথমে আমি খেয়াল করিনি। আমার একজন পরিচিত প্রোফাইলটা পাঠিয়ে জিজ্ঞেস করলেন, এটি আমার প্রোফাইল কি না। যে পোস্টগুলো দেখলাম সেগুলো সবই রাজনৈতিক। সেখানে প্রোফাইল ছবিতে একেনবাবুর চরিত্রের একটি ছবি আর কভার ছবিতে রয়েছে আমার নিজের ছবি। যদিও আমার নাম কোথাও ব্যবহার করা হয়নি, কিন্তু আমার ছবি রয়েছে। কে করছেন আমি জানি না।’’

একেনবাবুর লুকে অনির্বাণ চক্রবর্তী ছবি: সংগৃহীত

যদিও এই প্রোফাইল নিয়ে রিপোর্ট করেছেন অনির্বাণ। ফেসবুকের তরফ থেকে উত্তরও পেয়েছেন অভিনেতা। এ প্রসঙ্গে তিনি জানান, ‘‘আমাকে ফেসবুক থেকে জানানো হয়েছে যে, প্রোফাইলটা রিভিউ করে দেখেছেন তাঁরা, কিন্তু কোনও সম্প্রদায়ের মান লঙ্ঘন করা হয়নি। ছবি ব্যবহার করা সংক্রান্ত কোনও অপশন না থাকায় আমি সেই অভিযোগ করে উঠতে পারিনি। ভুয়ো প্রোফাইল সম্পর্কে জানিয়েছি যে, আমার এটা প্রোফাইল নয়। তাই নিজের অ্যাকাউন্ট থেকে একটা সতর্কীকরণ পোস্টও করি।’’

Advertisement

এই সমস্যা আজকাল মাঝেমধ্যেই উঠে আসে। তারকারা বিশেষ করে সতর্কতা অবলম্বন করার জন্য পোস্ট করে থাকেন। সেই মর্মেই অনির্বাণ চক্রবর্তীর এই বার্তা, যাতে আগামী দিনে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এই প্রোফাইল থেকে কিছু না করা হয়। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশ্যে এসেছে একেনবাবুর ছবি ‘কেরালার কুরুক্ষেত্র’- এর অভিনেতাদের তালিকা। অগস্ট মাসেই কেরলে হবে একেনবাবুর শুটিং। প্রি-প্রোডাকশন এবং শেষ মুহূর্তের চিত্রনাট্যের কাজ চলছে চুটিয়ে। পুজোয় বড়পর্দায় মুক্তি পাবে ‘কেরালার কুরুক্ষেত্র’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement