কোন সত্য ফাঁস করলেন উর্ফী? ছবি: সংগৃহীত।
কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ পেয়েছিলেন উর্ফী জাভেদ। কিন্তু তাঁকে দেওয়া হয়েছিল বিশেষ শর্ত। রাজি হননি নেটপ্রভাবী। ঠিক কী ঘটেছিল, নিজেই ফাঁস করলেন উর্ফী।
প্রথম দিকে পোশাকের জন্য সমালোচিত হতেন উর্ফী। নিন্দকদের দাবি ছিল, দৃষ্টি আকর্ষণের জন্য যেমন খুশি পোশাক পরছেন তিনি। কিন্তু পরে সেই ‘অদ্ভুত’ পোশাকের জন্য জনপ্রিয় হতে থাকেন উর্ফী। কখনও পোশাকের মধ্যে লাগানো চলন্ত পাখা। কখনও আবার মাছের অ্যাকোয়ারিয়াম দিয়ে তৈরি পোশাক পরতে দেখা গিয়েছে তাঁকে। এমন অভিনব পোশাকের ভাবনার জন্য প্রায়ই বিভিন্ন ফ্যাশন শো থেকে ডাক পান উর্ফী।
এসেছিল কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগও। কিন্তু আমন্ত্রণ নয়। বরং তাঁকেই ৮০ লক্ষ টাকা দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। এই টাকা দিলেই তিনি সুযোগ পাবেন। তাঁকে দেওয়া এই প্রস্তাবের স্ক্রিনশট নিজের সমাজমাধ্যমে ভাগ করেন তিনি। সেই পোস্ট ভাগ করে নিয়ে উর্ফী লিখেছেন, “কানে যাওয়ার জন্য ৮০ লক্ষ টাকা? আমি ভারতেই ঠিক আছি। এত মরিয়া হয়ে উঠিনি আমি। মানুষের এত হতাশা যে, কানে যাওয়ার জন্য ৮০ লক্ষ টাকা দিতেও তাঁরা রাজি।”
এই স্ক্রিনশট পোস্ট করেছেন উর্ফী!
বেশ কিছু দিন ধরে তিনি বলিউডের বিনোদনজগতের পরিচিত মুখ। কিন্তু তিনি এখনও কোনও বড় সুযোগ পাননি। সমাজমাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, “আমার মনে হয়, এখনও আমি সেরা সুযোগটা পাইনি। ঈশ্বরকে প্রায়ই প্রশ্ন করি, আমার কখন সময় আসবে? প্রতিটা পদক্ষেপ ফেলি, আর ভাবি এ বার হয়তো মানুষ আমাকে গ্রহণ করবে এবং উৎসাহ দেবে।”