কেন ছোটপর্দায় আর কাজ করতে রাজি নন লিলি চক্রবর্তী? ছবি: সংগৃহীত।
দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবন তাঁর। কিন্তু এখনও শুটিং সেটে যাওয়ার, অভিনয় করার উদ্যম কমেনি। বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী বড়পর্দায় কাজ করলেও এখন ছোটপর্দা থেকে দূরে তিনি। আর কি ধারাবাহিকে অভিনয় করবেন না প্রবীণ অভিনেত্রী?
জুলাইয়ে মুক্তি পাবে ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লিলিকে। বড়পর্দায় কম কাজ করলেও ধারাবাহিকে অভিনয় করতে রাজি নন লিলি। অভিনেত্রী স্পষ্ট বললেন, “না, আমি আর ধারাবাহিকে অভিনয় করতে চাই না। শেষ ‘নিমফুলের মধু’ করেছিলাম। সেই ধারাবাহিকেও শেষের দিকে অভিনয় করতে ইচ্ছা করত না। অনেক ক্ষণ বসিয়ে রাখত। কোনও কাজ না পেলে বাড়িতে বসে থাকব, তবু ধারাবাহিকে অভিনয় করব না।”
লিলি ছাড়াও একই মত অন্য বর্ষীয়ান শিল্পীদেরও। কিছু দিন আগে বিরক্তি উগরে দিয়েছিলেন অভিনেত্রী রত্না ঘোষাল। তিনি বলেছিলেন, “আর ধারাবাহিকে অভিনয় করব না বলে ঠিক করেছি আমি। এখনকার ধারাবাহিকে গল্পের কোনও ঠিক নেই। না আছে মাথা, না আছে মুন্ডু। সকাল থেকে শুটিংয়ে গিয়ে বসে আছি, দেখি চিত্রনাট্যই এসে পৌঁছোয়নি। মেকআপ রুমে বসে কত আর গল্প করব। এক এক দিন এমন হত, সকালবেলা থেকে বসে আছি, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, তখনও চিত্রনাট্য আসেনি। তা হলে দৃশ্য কখন আসবে? আমি অভিনয়ই বা কখন করব। ওরাই বা আমায় রাত ৮টার মধ্যে ছাড়বে কী করে!”
অভিনেত্রী অনামিকা সাহাও একই অভিযোগ করেছিলেন। তাই আপাতত এক প্রজন্মের শিল্পীরা ছোটপর্দা থেকে দূরে। তবে অন্যদিকে অনুরাধা রায়, সঙ্ঘমিত্রা ভট্টাচার্য থেকে কল্যাণী মণ্ডল, চুটিয়ে অভিনয় করছেন ধারাবাহিকে।