আমিরের বিয়ে শোনা মাত্র কী প্রতিক্রিয়া ভিকির? ছবি: সংগৃহীত।
তৃতীয় বার বিয়ে করতে চলেছেন আমির খান। রবিবার ৫ জুলাই বাড়িতেই ঘরোয়া আয়োজন করেছেন তারকা। তার আগে মুম্বইয়ে রাজকুমার হিরানীর ‘প্রীতম অ্যান্ড পেড্রো’র বিশেষ প্রদর্শনীতে এসে নিজের বিয়ের খবরে সিলমোহর দেন আমির। এর পরেই ওই অনুষ্ঠানেই এই প্রসঙ্গে ভিকি কৌশলের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে, খানিক যেন চমকেই যান অভিনেতা। এমনটাই মত নেটপাড়ার একটা বড় অংশের। নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সামলে হবু দম্পতিকে নিয়ে কী বললেন অভিনেতা?
আমিরের ঘনিষ্ঠ সূত্রে খবর, মুম্বইয়ের বান্দ্রায় আমিরের বাড়িতেই বিয়ের রেজিস্ট্রি সারা হবে। দিনের প্রথম ভাগে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ছোট করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে অনুষ্ঠানটি হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে। বড় করে প্রীতিভোজের আয়োজন করা হবে না বলেই শোনা যাচ্ছে। তাই বলি তারকাদের উপস্থিতি থাকবে না, খবর এমনই। অভিনেতার বিয়ের খবর শুনে নাকি ভিকি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলেন, ‘‘আচ্ছা, তাই? নবদম্পতিকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ওঁরা ভাল থাকুন।’’
এ দিনের অনুষ্ঠানে এসে আমির বলেন, ‘‘বিয়েতে আমাদের সন্তানেরা ও একদম কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন। প্রার্থনা করবেন, যাতে আমরা ভাল থাকতে পারি।’’ উল্লেখ্য, আমির ও গৌরীর প্রথম পরিচয় হয়েছিল বেঙ্গালুরুতে। অভিনেতার খুড়তুতো বোনের সূত্রেই তাঁদের আলাপ। প্রায় এক বছর সম্পর্কে থাকার পরে, নিজের ৬০তম জন্মদিনে প্রথম বার গৌরীকে নিজের সঙ্গী হিসাবে পরিচয় করিয়ে দেন আমির। এর পর থেকেই তাঁরা মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে একসঙ্গে থাকছেন বলে খবর। সেখানেই বসবে বিয়ের ঘরোয়া অনুষ্ঠান।