বিরাটের প্রিয় গান কোনটি? ছবি: সংগৃহীত।
কিছু গান মানুষের জীবনে চিরন্তন হয়ে থেকে যায়। বারবার সেই গানগুলোর কাছেই মানুষ ফিরে যায়, কারণ সেই গানগুলো একটা সময়ের কথা মনে করিয়ে দেয়। ক্রিকেট তারকার বিরাট কোহলির জীবনেও এমন একটি বিশেষ গান রয়েছে। গানটির সঙ্গে তিনি বিশেষ যোগ খুঁজে পান।
এক সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন, সঙ্গীতশিল্পী কর্ণ অজুলার একটি গান তাঁর খুব কাছের। সেই গানের নাম ‘উইনিং স্পিচ’। এটি তাঁর খুবই পছন্দের। একটি ছড়িয়ে প়়ড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, বিরাট ক্রণের প্রশংসাও করছেন এই গানের জন্য। ক্রিকেটার বলেন, “তুমি মন থেকে গান লেখো। যে গানটির সঙ্গে আমি সবচেয়ে বেশি নিজেকে মেলাতে পারি, সেটি হল ‘উইনিং স্পিচ’। কারণ এই গানটি তোমার জীবনসফরের কথা বলে। আমিও আমার নিজের সফরের সঙ্গেও এর মিল খুঁজে পাই। আমিও খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছি। তাই এই গানটি আমার কাছে খুব বিশেষ। অনেক সময়ে ম্যাচ খেলতে নামার আগে আমি এই গান শুনেছি।”
একই অনুষ্ঠানে বিরাট জানান তিনি কখনও হাল ছাড়েন না। এটাই তাঁর মানসিকতা। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে খেলা ম্যাচটির উদাহরণ দেন। বিরাট বলেন, “যখন সবাই মনে করে ম্যাচ শেষ হয়ে গিয়েছে, তখনই আমি পরিস্থিতি বদলে দেওয়ার সুযোগ খুঁজি। ছোটবেলা থেকেই আমি এমন ভাবে ভাবি। শেষ মুহূর্ত পর্যন্ত আমি কখনও বিশ্বাস হারাই না যে, ম্যাচ হেরে গিয়েছি বা জেতা সম্ভব নয়। আর অনেক সময়েই অসম্ভব মনে হওয়া মুহূর্তেও কিছু অসাধারণ ঘটনা ঘটেছে।”
তিনি আরও বলেন, “মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচটি আমার সব সময়ে মনে থাকবে। পরে আমাকে বলা হয়েছিল, আমাদের জেতার সম্ভাবনা ছিল মাত্র ৩ শতাংশের মতো। কিন্তু আমি কখনও এই ভাবে ভাবিনি। ১ শতাংশ সুযোগ থাকলেও সেটাই যথেষ্ট। যত ক্ষণ পর্যন্ত সুযোগ আছে, তত ক্ষণ আশা আছে। ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আপনি কখনও পুরোপুরি হারেন না।”
কর্ণ অহুজা তাঁর গান ‘তওবা তওবা’, ‘গ্যাংস্টার’, ‘বচকে বচকে’, ‘বয়ফ্রেন্ড’ এবং ‘ফর আ রিজ়ন’-এর মতো জনপ্রিয় গানের জন্য পরিচিত।