ইমন চক্রবর্তী। ছবি: সংগৃহীত।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশিত। সেই তালিকায় ইমন চক্রবর্তী নেই। যদিও নির্বাচনের কথা ঘোষণা হওয়ার পর থেকেই টলিউডের অন্দরের গুঞ্জন, গায়িকা নাকি প্রার্থী!
প্রার্থিতালিকা প্রকাশ হওয়ার পর দেখা গেল, ইমনের নাম কোথাও নেই। ইমন খুশি? না কি এত গুঞ্জন শুনতে শুনতে গায়িকারও মনের কোণায় ইচ্ছে তৈরি হয়েছিল? প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। ইমনের স্পষ্ট জবাব, "এটা ছড়ানো হয়েছিল। আমি প্রথম দিন থেকে জানতাম, আমি রাজনীতির কোথাও নেই। আমি গানের দুনিয়ার মানুষ। গান নিয়ে বাঁচব। রাজনীতি আমার জন্য নয়।"
তাই ইমন স্বস্তির শ্বাস ফেলেছেন। প্রার্থিতালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে সমাজমাধ্যমে একটি বার্তাও দিয়েছেন। এত দিন ভুল খবর ছড়ানো হচ্ছিল। এ বার সেটা প্রমাণিত। কথায় কথায় তিনি এ-ও জানিয়েছেন, তিনি কখনও রাজনীতিতে আসার স্বপ্ন দেখেননি। গায়িকার কথায়, "আমি চাইলেই হয়তো রাজনীতির আঙিনায় আসার সুযোগ তৈরি হত। কিন্তু আমার মা-বাবা অনেক কষ্ট করে মানুষ করেছেন, আমায় গানের দুনিয়ায় দেখবেন বলে। ওটাই আমার দুনিয়া।"
কিন্তু লোকে যে বলে, ইমনের নাকি বিতর্ক লগ্নে জন্ম! এই যে গায়িকা প্রার্থী হতে পারলেন না, এটা নিয়েও তো অনেক কাঁটাছেড়া হবে? "হবে তো! লোকে বলবে, এত চটি চেটেও কিছু হল না?", হাসতে হাসতে বললেন ইমন। তাঁর দাবি, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তর থেকে শ্রদ্ধা করি। দিদিও আমায় স্নেহ করেন। অবশ্যই আমি ওঁর ঘনিষ্ঠ। তার মানে এই নয়, আমি সুযোগ নেব।" হাসতে হাসতেই তিনি আরও যোগ করেছেন, "যাঁরা কটাক্ষ করবেন তাঁদের বলব, আমার শিরদাঁড়া আছে। তাই আমি আমার দুনিয়াতেই রইলাম।"