বিরজু মহারাজের জন্মদিনে স্মৃতিকাতর’ মাধুরী। ছবি: সংগৃহীত।
শাস্ত্রীয় নৃত্যগুরু হিসাবেই তিনি সর্বত্র পরিচিত। কিন্তু মায়ানগরীতেও তাঁর অবদানের শেষ নেই। ৪ জানুয়ারি পণ্ডিত বিরজু মহারাজের জন্মদিন। ২০২২-এর জানুয়ারিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলিউডের একাধিক জনপ্রিয় গানের নেপথ্যে রয়েছে তাঁর অবদান। মাধুরী দীক্ষিতের অনেক গানের নেপথ্যে ছিলেন তিনিই। সে কথা বার বার অনেক সাক্ষাৎকারেই বলেছিলেন মাধুরী।
নায়িকার নাচ এবং অভিব্যক্তি নিয়ে সব সময়েই আলোচনা হয়েছে সর্বত্র। এক বার নায়িকা বলেছিলেন, “মহারাজ কিংবদন্তি হয়েও শিশুর মতোই নিষ্পাপ! তিনি একাধারে আমার গুরু, বন্ধুও। আমাকে নাচ এবং অভিনয়ের অভিব্যক্তি শিখিয়েছিলেন। একই সঙ্গে প্রচণ্ড মজাও করতেন। তাঁর পরম্পরা আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে। ওঁকে ভুলতে পারব না কোনও দিন।”
তাই যখন গুরুজির মৃত্যুসংবাদ পেয়েছিলেন তখন ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। শুধু মাধুরী নন, দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভট্ট— প্রত্যেকেই কোনও না কোনও ছবির জন্য বিরজু মহারাজের কাছে নাচের তালিম নিয়ছিলেন। ‘কলঙ্ক’ ছবিতে অনেকটা অংশ জুড়ে ছিল নাচের দৃশ্য। সেই ছবির জনপ্রিয় একটি গান ‘ঘর মোরে পরদেশিয়া’র জন্য পণ্ডিতজির থেকে কত্থকে তিন দিনের প্রশিক্ষণ নিতে হয়েছিল আলিয়াকে।