Tollywood celebrities on FIFA World Cup 2026

কারও উন্মাদনা আর্জেন্টিনার খেলায়, কেউ আবার রোনাল্ডোর জয় দেখতে মরিয়া! টলিপাড়ায় বিশ্বকাপ ঝড়

টলিপাড়ার তারকারাও গা ভাসিয়েছেন বিশ্বকাপ ঝড়ে। কেউ ব্রাজ়িলের জন্য গলা ফাটাচ্ছেন, কেউ আবার আর্জেন্টিনার জার্সি পরে পথে নামছেন। কেউ কেউ আবার মনেপ্রাণে চাইছেন, এই বিশ্বকাপ যেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে ওঠে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১০:২৮
Share:
০১ ১৬

ফুটবলের বিশ্বকাপ নিয়ে মেতে আছে গোটা দুনিয়া। চার বছর আগে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। আবেগে ভেসেছিলেন লিয়োনেল মেসি-র ভক্তেরা। পশ্চিমবঙ্গের বহু মানুষও সেই জয়ে মেতেছিলেন। ফুটবলের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের বহু পুরনো সম্পর্ক। তাই বিশ্বকাপ নিয়ে উত্তেজনাও থাকে তুঙ্গে। টলিপাড়ার তারকারাও গা ভাসিয়েছেন বিশ্বকাপ জ্বরে। কেউ ব্রাজ়িলের জন্য গলা ফাটাচ্ছেন, কেউ আবার আর্জেন্টিনার জার্সি পরে পথে নামছেন। কেউ কেউ আবার মনে প্রাণে চাইছেন, এই বিশ্বকাপ যেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে ওঠে।

০২ ১৬

সাহেব ভট্টাচার্য: ফুটবলের পরিবারে জন্ম। বাবা সুব্রত ভট্টাচার্য। নিজেও ফুটবলপ্রেমী। মন দিয়ে তাই নিয়মিত দেশ-বিদেশের ফুটবল ম্যাচ দেখেন। বিশ্বকাপ নিয়ে তাঁর উত্তেজনা এখন তুঙ্গে। বরাবরের মতো সমর্থন করছেন আর্জেন্টিনাকে। তাঁর কথায়, “শৈশবে যে দিন থেকে মারাদোনাকে খেলতে দেখেছি, সে দিন থেকেই আর্জেন্টিনার ভক্ত আমি। গত বছর ওদের জয় উদ্‌যাপন করেছিলাম।”

Advertisement
০৩ ১৬

ঊষসী চক্রবর্তী: বরাবরই তিনি ব্রাজ়িলের ভক্ত। বিশ্বকাপের সময়ে জার্সি পরে ছবি ও ভিডিয়োও ভাগ করে নেন অভিনেত্রী। সম্প্রতি ব্রাজ়িলের হলুদ-সবুজ জার্সি পরে একটি মজার রিলও পোস্ট করেছেন ঊষসী।

০৪ ১৬

অনুপম রায়: জার্মানির একনিষ্ঠ সমর্থক গায়ক। গত বছর কাতারে বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন। বিশ্বকাপের জন্য রীতিমতো অপেক্ষা করে থাকেন। এ বছর খেলা দেখতে যাবেন না। তবে দূর থেকে জার্মানিকেই সমর্থন করবেন। অনুপম বলেন, “আসলে এগুলো উত্তরাধিকার সূত্রে আসে। বাবাও জার্মানির সমর্থক, আমিও তাই। ওদের খেলা দেখেও মুগ্ধ হই। নির্দিষ্ট একজন খেল‌োয়াড়ের জন্য কেউ জার্মানিকে সমর্থন করে না। ওদের ‘টিম স্পিরিট’ই আসল কথা। শেষ মুহূর্ত অবধি ওরা লড়ে যায়। শেষ কয়েক সেকেন্ডেও ওরা খেলা ঘুরিয়ে দিতে পারে। এ বছর অনেক দূর পর্যন্ত আমরা যাব।”

০৫ ১৬

সপ্তর্ষি মৌলিক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত সপ্তর্ষি। দু’বার না ভেবেই তিনি বলেন, “আমি পর্তুগালকে জয়ী হিসাবে দেখতে চাই। রোনাল্ডোর হাতে এ বার বিশ্বকাপ উঠুক, এটুকুই চাই। চার বছর ধরে বিশ্বকাপের অপেক্ষায় থাকি। ছোটবেলায় শুধু বিশ্বকাপই দেখতাম। আগে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখার তেমন সুযোগ ছিল না। বাবা বরাবরই ব্রাজ়িলের ভক্ত ছিল। ১৯৯৮ সাল থেকে বিশ্বকাপ দেখা শুরু করি। তার পরে ক্লাব ফুটবল দেখা শুরু। সেখান থেকেই রোনাল্ডোকে ভাল লেগে যায়। যদিও আমি লিভারপুলের ভক্ত। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আমার রোনাল্ডোকে ভাল লেগে যায়।’’

০৬ ১৬

দর্শনা বণিক: বিশ্বকাপ নিয়ে মেতেছেন টলিপাড়ার নায়িকাও। ব্রাজ়িলের সমর্থক তিনিও। “বাড়িতে সবাই ব্রাজ়িলের ভক্ত ছিল। ব্রাজ়িলের জন্য গলা ফাটাত। সেই সময়ে আসলে রোনাল্ডো, রোনাল্ডিনহো, রিভাল্ডোর মতো খেলোয়াড় ছিলেন। তাঁদের দেখেই ব্রাজ়িলকে ভাল লেগে যাওয়া। স্কুলেও বন্ধুরা ব্রাজ়িল ভক্ত ছিল,” দর্শনা বলেন। পাশাপাশি, আর্জেন্টিনার মেসিকেও পছন্দ তাঁর।

০৭ ১৬

দর্শনা জানান, পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে বরাবরই ব্রাজ়িল বনাম আর্জেন্টিনা চলতে থাকে। কিন্তু দর্শনার স্বামী অভিনেতা সৌরভ দাস সমর্থন করেন স্পেনকে।

০৮ ১৬

গৌরব চক্রবর্তী: অভিনেতার পরিবারে নানা দেশের সমর্থক। গৌরব স্পষ্ট জানান, তিনি নিজে ফুটবল ভক্ত নন। তবে বিশ্বকাপ দেখেন মন দিয়ে। তাঁর কথায়, “আমার ভাই (অর্জুন চক্রবর্তী) আসলে ফুটবল নিয়ে পাগল। আমি আর বাবা ব্রাজ়িলকে সমর্থন করি। ভাইয়ের পছন্দ জার্মানি।”

০৯ ১৬

সৌরভ পালোধী: ছোট থেকেই আর্জেন্টিনার সমর্থক এই চিত্রপরিচালক তথা কৌতুকশিল্পী। তাঁর কথায়, “মারিয়ো ক্যাম্পেস ও মারাদোনার জন্য বাবা ছিলেন আর্জেন্টিনার সমর্থক। জ্ঞান হওয়ার পর থেকে আমি গ্যাব্রিয়েল বাতিস্তুতার খেলা দেখে আর্জেন্টিনার ভক্ত হই। তার পরে লিয়োনেল মেসি। এখন আর্জেন্টিনার ম্যাচ থাকলে খাওয়াদাওয়াও ভুলে যাই। উন্মাদের মতো আর্জেন্টিনার সমর্থক আমি।”

১০ ১৬

ঋতব্রত মুখোপাধ্যায়: জার্মানির সমর্থক তরুণ অভিনেতা। ২০১০ সাল থেকে ঠিক ভাবে ফুটবল বিশ্বকাপ দেখা শুরু তাঁর। সেই সময় থেকেই জার্মানিকে পছন্দ। ঋতব্রত বলেন, “টিমটা দারুণ খেলে। ২০১০-এর টিমও অসাধারণ ছিল। টমাস মুলার, মেহসুট ওজ়িলের মতো খেলোয়াড় ছিলেন তখন। তার পরে ২০১৪ সালে জার্মানিই জয়ী হয়। সেই বছর একটি ম্যাচে ব্রাজ়িলকে সাত গোল দিয়েছিল জার্মানি। আমার ব্রাজ়িল সমর্থক বন্ধুদের সেই ম্যাচের কথা মনে করিয়ে এখনও পিছনে লাগি।”

১১ ১৬

ইমন চক্রবর্তী: গায়িকার সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়, তিনি ব্রাজ়িল ভক্ত। তবে ব্রাজ়িলের পরেই তাঁর পছন্দ আর্জেন্টিনা। সম্প্রতি একটি পোস্টে রসিকতা করে লিখেছিলেন, “ব্রাজ়িল বনাম আর্জেন্টিনা হলে আমি ব্রাজ়িলের সমর্থক। কিন্তু অন্য কারও সঙ্গে আর্জেন্টিনা খেললে, আমি আর্জেন্টিনাকে সমর্থন করব। এমনও হয় নিশ্চয়ই?”

১২ ১৬

বনি সেনগুপ্ত: টলি অভিনেতা ব্রাজ়িলের সমর্থক। বনি বলেন, “২০০২ সালে ব্রাজ়িল জয়ী হয়েছিল। তখন থেকেই ভাল লাগা। তা ছাড়া পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষই হয় ব্রাজ়িল, না হলে আর্জেন্টিনা। তার পরে অন্য দেশের সমর্থক সবাই। রোনাল্ডো, কাফু, রিভাল্ডোর মতো খেলোয়াড়দের দেখে আমার ব্রাজ়িলকে পছন্দ হয়েছিল।” তবে কৌশানী সেই ভাবে খেলা নিয়ে আগ্রহী নন, জানান বনি। তাঁর কথায়, “ও শুধু মেসিকে পছন্দ করে।”

১৩ ১৬

রূপাঞ্জনা মিত্র: অভিনেত্রী নিজে আর্জেন্টিনার ভক্ত। তবে স্বামী রাতুল মুখোপাধ্যায় পর্তুগাল ও ইটালির সমর্থক। আর পুত্র রিয়ান পুরোপুরি পর্তুগালের ভক্ত। তাই বাড়িতে যুদ্ধের আবহ। হাসতে হাসতে জানান রূপাঞ্জনা। তাঁর কথায়, “আমার বাবা ফুটবল দেখতে শিখিয়েছেন। তিনি আর্জেন্টিনার ভক্ত। সেই জায়গা থেকে আমিও আর্জেন্টিনাকেই সমর্থন করি। তবে যাঁরা দুর্দান্ত খেলেন, তাঁদের সকলকেই আমাদের ভাল লাগে। একদিন ভারতকেও বিশ্বকাপে দেখতে চাই।”

১৪ ১৬

ঋষভ বসু: একই সঙ্গে অভিনেতা ব্রাজ়িলের সমর্থক, আবার আর্জেন্টিনার মেসিকেও পছন্দ। তিনি বলেন, “এই দ্বন্দ্ব চলতেই থাকে। আসলে ব্রাজ়িলের রোনাল্ডো আমার অনুপ্রেরণা ছিল। নিজেও ওঁর মতো খেলতে চাইতাম। ওই ভাবে চুল কাটাতাম। হলুদ গেঞ্জির পিছনে স্কেচ পেন দিয়ে ‘৯’ লিখতাম।”

১৫ ১৬

সুদীপ মুখোপাধ্যায়: অভিনেতা একই সঙ্গে ব্রাজ়িল ও জার্মানির সমর্থক। তাঁর কথায়, “আমি মোহনবাগান সমর্থক। ছোটবেলা থেকেই পেলে-ভক্ত ছিলাম। মনে আছে পেলে এসেছিলেন কলকাতায়। খুবই আনন্দ পেয়েছিলাম। আর অন্য দিকে জার্মানির লড়াকু মনোভাবের অনুরাগী আমি। ব্রাজ়িলের খেলা হল শিল্প, আর জার্মানি হল লড়াই।”

১৬ ১৬

রোহন ভট্টাচার্য: ফুটবলের থেকে ফুটবল খেলোয়াড়দের বেশি পছন্দ অভিনেতার। ব্রা়জ়িলের ভক্ত হলেও, মনে-প্রাণে এ বার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে জয়ী হিসাবে দেখতে চাইছেন। তাঁর কথায়, “ফুটবলারদের চরিত্র, চেহারার গড়ন, মানসিকতা আমার খুব ভাল লাগে। গত বছর মেসির হাতে বিশ্বকাপ উঠেছে। রোনাল্ডো ছ’টা বিশ্বকাপ খেলছেন এই নিয়ে। ওঁর ৪১ বছর বয়স। এখনও খেলছেন। তাই ওঁর এ বার কাপ পাওয়া উচিত।”

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement