Kapil Dinkar At Samay Raina Show

পুলিশের উর্দি পরে সময় রায়নার অনুষ্ঠানমঞ্চে, জিতলেন ১ লক্ষ নগদ! কে এই কপিল দিনকর?

‘ইন্ডিয়াজ় গট লেটেন্ট সিজ়ন ২’-এর দ্বিতীয় পর্ব মুক্তি পেতেই আবার আলোচনা শুরু। তবে এ বার কোনও বিতর্ক তৈরি হয়নি। বরং এক প্রতিযোগী আলোচনার কেন্দ্রে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৪:২৭
Share:

সময় রায়নার অনুষ্ঠানে আসেন কপিল দিনকর। ছবি: সংগৃহীত।

শুক্রবার মুক্তি পেয়েছে ‘ইন্ডিয়াজ় গট লেটেন্ট সিজ়ন ২’-এর দ্বিতীয় পর্ব। তার পরেই ফের আলোচনায় এই অনুষ্ঠান। তবে এ বার কোনও বিতর্ক তৈরি হয়নি। বরং এক প্রতিযোগী আলোচনার কেন্দ্রে, যাঁকে দেখে বেশ চমকেই যান কৌতুকশিল্পী সময় রায়না। ওই প্রতিযোগী আদতে উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল, কপিল দিনকর। পুলিশের উর্দি পরেই মঞ্চে ওঠেন তিনি। মুহূর্তের জন্য যেন সময়ের মনে ফিরে আসে পুরনো বিতর্কের স্মৃতি।

Advertisement

মঞ্চে উঠেই কপিল মজার ছলে বলেন, ‘‘আবার শুরু করলেন? আগের বার বন্ধ করিয়েও শান্তি হল না?’’ এই কথা শুনে প্রথমে খানিকটা অবাক হন সময়। ভাবেন, হয়তো কোনও প্রতিযোগী পুলিশের পোশাক পরে পারফর্ম করতে এসেছেন। সময় সঙ্গে সঙ্গে সতর্ক করে বলেন, ‘‘এ ভাবে পুলিশের উর্দি পরে মঞ্চে ওঠা যায় না।’’ তখনই কপিল জানান, তিনি সত্যিই উত্তরপ্রদেশ পুলিশের একজন কর্মরত কনস্টেবল।

এর পরে নিজের পরিচয় দিতে গিয়ে কপিল জানান, ২০২১ সালে তিনি উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবল হিসাবে যোগ দেন। তবে তাঁর আসল নেশা সঙ্গীত। তিনি বলেন, ‘‘আমি একজন গায়ক, গীতিকার ও সুরকার। সঙ্গীতই আমার মন ভাল রাখার ওষুধ। আর সংসার চালানোর জন্য পুলিশে চাকরি করি।’’ পাশাপাশি তিনি জানান, পুলিশে যোগ দেওয়া ছিল তাঁর মায়ের স্বপ্ন।

Advertisement

অনুষ্ঠানে কপিল আরও দাবি করেন যে, তাঁর কর্মক্ষেত্রে গোটা বিভাগে তিনিই একমাত্র পুলিশকর্মী, যাঁকে পেশাদার গায়ক হিসাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। তিনি বেশির ভাগ সময় রাতের ডিউটি করেন, যাতে সকালে সঙ্গীতচর্চা করতে পারেন। শুধু তা-ই নয়, তিনি একজন লেখকও বটে। ইতিমধ্যেই তিনটি বই লিখেছেন তিনি। আরও আটটি বই লেখার কাজ চলছে তাঁর, জানান কপিল।

এর পরে নিজের একটি মৌলিক গান পরিবেশন করেন কপিল। তাঁর পারফরম্যান্স মুগ্ধ করে বিচারকদের। জয়ী হিসাবে জিতে নেন ১ লক্ষ টাকা নগদ পুরস্কার।

অনুষ্ঠানের অন্যতম বিচারক কৌতুকশিল্পী হর্ষ লিম্বাচিয়া মজা করে কপিলকে বলেন, ‘‘আমরা যদি কোনও অপরাধ করি, তা হলে কিন্তু আপনিই আমাদের ধরতে আসবেন।’’ সঙ্গে সঙ্গে কপিলের জবাব, ‘‘আপনারা অপরাধ করবেনই বা কেন?’’ তাঁর উত্তর শুনে হাসিতে ফেটে পড়েন মঞ্চে উপস্থিত সকলেই।

অনুষ্ঠানের শেষে কপিলকে ধন্যবাদ জানিয়ে সময় বলেন, ‘‘দেশের পুলিশবাহিনী থেকে কেউ আমাদের শো-তে এসেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। এতে আমাদের শো-এর বিশ্বাসযোগ্যতা আরও বেড়ে গেল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement