Obsession film

দৈত্য নয়, ভালবাসাই ভয় ধরাবে! বাদ পড়েছে নগ্নদৃশ্য, ‘অবসেশন’-এর প্রেম দেখে শিউরে উঠছে দর্শক

১০ লক্ষ ডলারেরও কম বাজেটে তৈরি হয়েছে ছবি। কিন্তু বক্সঅফিসে তোলপাড় ফেলেছে ‘অবসেশন‌’। দর্শকদের মুখে মুখে ঘুরছে ছবি। তবে একই সঙ্গে ভারতে সিবিএফসি-র কাটছাঁট নিয়েও শুরু হয়েছে বড় বিতর্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৮:৪৬
Share:

কেন ‘অবসেশন’ নিয়ে চলছে তোলপাড়? ছবি: সংগৃহীত।

ভালবাসা যখন আসক্তিতে পৌঁছে যায়, তখন ঠিক কী হয়? সঙ্গীর জীবন জুড়ে নিজের আধিপত্য রাখতে গিয়ে কি বিপদ আসতে পারে? হলিউডের ছবি ‘অবসেশন’ এমন প্রশ্নের উত্তর দিয়েছে, যা দেখে শিউরে উঠছে দর্শক। ‘হরর’ ছবি এমনও হতে পারে? বিশ্বাস করতে পারছেন না তাঁরা।

Advertisement

রক্তচক্ষু, বড় দাঁত, নখ— ভয়ঙ্কর দৈত্য বা রাক্ষসের উপস্থিতি নেই এই ছবিতে। বরং ‘অবসেশন’ বিষয়টিই যেন ভূতের মতো ভয়ঙ্কর। এই ছবিতে মেতেছে ভারতীয় দর্শকও। কারি বার্কার পরিচালিত এই ছবির বাজেট আকাশছোঁয়া নয়। ১০ লক্ষ ডলারেরও কম বাজেটে তৈরি হয়েছে ছবি। কিন্তু বক্সঅফিসে তোলপাড় ফেলেছে ‘অবসেশন‌’। দর্শকদের মুখে মুখে ঘুরছে এই ছবির কথা। তবে একই সঙ্গে ভারতে সিবিএফসি-র কাটছাঁট নিয়েও শুরু হয়েছে বড় বিতর্ক।

‘অবসেশন’-এর কেন্দ্রে রয়েছে বিয়ার নামে এক পুরুষ চরিত্র। একাকী ও শান্ত স্বভাবের সে। সে একদিন রহস্যময় একটি জিনিস খুঁজে পায়। ‘ওয়ান উইশ উইলো’ নামে এই জিনিসের মাধ্যমে যে কোনও ইচ্ছা পূরণ করা যায়। বিয়ার তার সহকর্মী নিকির প্রেমে পড়ে এবং ‘ওয়ান উইশ উইলো’-এর মাধ্যমে চায়, নিকি যেন পৃথিবীতে তাকেই সবচেয়ে ভালবাসে। এখান থেকেই বিপত্তি। ক্রমশ নিকির এক অন্য রূপের মুখোমুখি হয় সে।

Advertisement

ভারতে ২৯ মে ছবিটি মুক্তি পেয়েছে। তার আগে সিবিএফসি ছবিটিকে ‘এ’ (প্রাপ্তবয়স্ক) হিসাবে ছাড়পত্র দেয়। সেই সঙ্গে মোট ৩৮ সেকেন্ডের কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেয়। জানা গিয়েছে, ২৪ সেকেন্ডের একটি দৃশ্য রয়েছে যা নাকি প্রবল হিংসায় ভরা। এ ছাড়া ১৪ সেকেন্ডের একটি যৌন দৃশ্য কেটে দেওয়া হয়।

এই সিদ্ধান্তের পর সমাজমাধ্যমেও ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত একটি ছবিতে কেন এত কাটছাঁট? দর্শকের একাংশের দাবি, এই দৃশ্য বাদ দেওয়ার ফলে ছবির গুরুত্বপূর্ণ অংশ বোঝা যায়নি।

তবে এ সব বিতর্ক পার করে ভারতে ‘অবসেশন’ বাণিজ্যিক দিক থেকেও সফল। মুক্তির প্রথম সপ্তাহান্তে ছবিটি প্রায় ৯.৩ কোটি টাকা আয় করেছে। এমনকি, বলিউডে অনন্যা পাণ্ডে ও লক্ষ্য অভিনীত ছবি ‘চাঁদ মেরা দিল’কেও বক্স অফিস ব্যবসার দিক থেকে ছাপিয়ে গিয়েছে ‘অবসেশন’। তবে অনন্যা নিজেও এই ছবির প্রশংসায় পঞ্চমুখ। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির পোস্টার ভাগ করে নিয়ে লেখেন, “এই ছবিটি মাথা থেকে বার করতে পারছি না। বলা যায়, আমিও ‘অবসেশ্‌ড’ হয়ে গিয়েছি।”

উল্লেখ্য, বিশ্ব জুড়ে ছবিটির আয় ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement